কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় দুই সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ১৫ বছর বয়সী মোহাম্মদ আব্দুল্লাহ এবং ১৪ বছর বয়সী মোহাম্মদ ওমর ফারুক। তারা ওই এলাকার মাওলানা ফজলে কাদেরের সন্তান এবং একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার সূত্রপাত হয় গত রোববার রাতে। বাড়িতে স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করার সময় হঠাৎ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে ঘরের ভেতরেই দুই ভাই গুরুতরভাবে দগ্ধ হন। স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ছোট ভাই মোহাম্মদ ওমর ফারুক মারা যান। একই দিন রাত ৮টার দিকে ওমর ফারুকের জানাজার প্রস্তুতির সময় বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর খবর আসে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বড় ভাইয়ের জানাজা শেষে করাইয়াঘোনা জামে মসজিদ কবরস্থানে ছোট ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, কয়লা জ্বালিয়ে কাপড় ইস্তিরি করার সময় এই দুর্ঘটনা ঘটে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, পরিবারটিকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আরও সহায়তা প্রদানের চেষ্টা চলছে। এই ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

