নিউইয়র্কে একজন শিখ নেতাকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ১৯ বছরেরও বেশি কারাদণ্ড প্রদান করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। ৫৫ বছর বয়সী নিখিল গুপ্তা গত ফেব্রুয়ারিতে আদালতে তার বিরুদ্ধে আনা খুনের জন্য ভাড়া করা (মার্ডার-ফর-হায়ার), খুনের ষড়যন্ত্র এবং অর্থপাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেছিলেন। শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে মার্কিন ডিস্ট্রিক্ট জজ ভিক্টর মারেরো তাকে ২৩৫ মাসের এই কারাদণ্ডাদেশ দেন।
প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, নিখিল গুপ্তা ভারতীয় সরকারের নির্দেশে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পান্নুন একজন মার্কিন ও কানাডীয় দ্বৈত নাগরিক এবং 'শিখস ফর জাস্টিস' নামক সংগঠনের আইনজীবী, যিনি ভারতের পাঞ্জাব প্রদেশে একটি স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। আদালত নথিতে উল্লেখ করেছে যে, নিখিল গুপ্তা এবং ভারতীয় সরকারি কর্মকর্তা বিকাশ যাদব এই হত্যাকাণ্ডের জন্য ১৫ হাজার ডলার অগ্রিম হিসেবে একজন ভাড়াটে খুনিকে দিয়েছিলেন। তবে সেই ভাড়াটে খুনি আসলে ছিলেন যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ছদ্মবেশী কর্মকর্তা।
বিকাশ যাদবকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে, তবে তিনি বর্তমানে মার্কিন হেফাজতে নেই। তার কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা এখনো অস্পষ্ট। অন্যদিকে, ভারত সরকার এই পুরো ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে এবং একে সরকারি নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে। শিখ নেতাকে হত্যার এই কথিত ষড়যন্ত্রের ঘটনাটি যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ককে বেশ চাপের মুখে ফেলেছে।
ম্যানহাটনের ইউএস অ্যাটর্নি অফিসের প্রসিকিউটররা এই মামলায় প্রায় ২৪ বছরের কারাদণ্ড প্রত্যাশা করেছিলেন। আদালতে প্রসিকিউটর অ্যাশলি নিকোলাস বলেন, এই মামলাটি আমেরিকান মূল্যবোধের মূলে আঘাত করেছে এবং দেশটিতে কণ্ঠরোধ করার জন্য সহিংসতার ব্যবহার কখনোই বরদাস্ত করা হবে না।
আদালতে নিজের বক্তব্যের সময় নিখিল গুপ্তা দুঃখ প্রকাশ করে বলেন যে, তিনি মহাত্মা গান্ধীর অহিংস আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। তিনি পান্নুন, ক্ষতিগ্রস্ত সম্প্রদায় এবং নিজের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। অন্যদিকে, পান্নুন আদালতকে জানান যে, তিনি যুক্তরাষ্ট্রের এই বিচারিক প্রক্রিয়ার জন্য কৃতজ্ঞ এবং তিনি তার শিখ সার্বভৌমত্বের লড়াই চালিয়ে যাবেন। তিনি বলেন, পাঞ্জাব প্রদেশে তার জনগণের জন্য আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনই তার জীবনের লক্ষ্য। পাঞ্জাব প্রদেশে খালিস্থান রাষ্ট্রের দাবি এবং ভিন্নমতাবলম্বীদের ওপর হামলার অভিযোগ নিয়ে ভারতের সাথে কানাডারও কূটনৈতিক সংকট তৈরি হয়েছে।

