সিবিএস নিউজের পক্ষ থেকে যোগাযোগের পরপরই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস তাদের কর্মকর্তা ও প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের আর্থিক হিসাব এবং শেয়ার লেনদেন সংক্রান্ত পেজটি পুনরায় সচল করেছে। কোনো ধরনের পূর্বঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই শুক্রবার বিকেলে হোয়াইট হাউসের অফিশিয়াল ওয়েবসাইটের এই বিভাগটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
হোয়াইট হাউসের ওই পেজটিতে (whitehouse.gov/disclosures) আইন অনুযায়ী প্রকাশযোগ্য বিভিন্ন আর্থিক নথির হাব হিসেবে কাজ করা হয়। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট এবং সুজি ওয়াইলস ও স্টিফেন মিলারসহ একশোরও বেশি শীর্ষ হোয়াইট হাউস কর্মীর অর্থনৈতিক তথ্যাবলি অন্তর্ভুক্ত রয়েছে। সিবিএস নিউজ একটি স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে প্রতি ৩০ মিনিট পর পর এসব এথিক্স নথির হালনাগাদ পর্যবেক্ষণ করে থাকে। শুক্রবার বিকেল ৩টা ১ মিনিট পর্যন্ত পেজটি সচল থাকলেও বিকেল ৩টা ৩১ মিনিটের স্বয়ংক্রিয় চেক-আপে পেজটিতে '৪০৪ এরর' প্রদর্শন করে, যা পেজটি সরিয়ে ফেলার নির্দেশনা দেয়। তবে হাব পেজটি বন্ধ হয়ে গেলেও আলাদা আলাদা মূল নথিগুলো অনলাইনে পাওয়া যাচ্ছিল।
বিকেল ৪টা ২০ মিনিটে সিবিএস নিউজ ইমেইলের মাধ্যমে হোয়াইট হাউস প্রেস অফিসের কাছে জানতে চায় পেজটি কোনো কারিগরি সমস্যার কারণে ডাউন হয়েছে নাকি ইচ্ছা করেই সরিয়ে ফেলা হয়েছে। সিবিএস নিউজ বিকেল ৫টার মধ্যে ব্যাখ্যা অনুরোধ জানালেও হোয়াইট হাউস সেটির জবাব দেয়নি। পরবর্তীতে সিবিএস নিউজ এটি নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নেওয়ার সময় বিকেল ৪টা ৩১ মিনিট থেকে ৫টা ১ মিনিটের মধ্যে স্বয়ংক্রিয় মনিটরে পেজটি পুনরায় চালু হওয়ার বার্তা আসে। ওয়েবসাইটের সোর্স কোডে পেজটি পুনরায় প্রকাশের সময় উল্লেখ ছিল বিকেল ৫টা। তবে ঠিক কী কারণে পেজটি বন্ধ হয়েছিল কিংবা কেন আবার তা ফিরিয়ে আনা হলো, সে বিষয়ে পরবর্তীতেও হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
পেজটি পুনরায় চালু হওয়ার পর দেখা যায় সেখানে একটি নতুন ফাইল যুক্ত করা হয়েছে। এটি ছিল প্রেসিডেন্টের শেয়ার লেনদেন সংক্রান্ত একটি প্রতিবেদন, যেখানে তিনি সেপ্টেম্বরের ১৭ তারিখে স্বাক্ষর করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের অফিস অব গভর্নমেন্ট এথিক্স (ওজিই)-এর ওয়েবসাইটে এই একই প্রতিবেদন ৮ অক্টোবর থেকেই সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত ছিল। হোয়াইট হাউস সার্ভারের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টা ১৪ মিনিটে ফাইলটি আপলোড করা হয়। সাধারণত ওজিই-তে কোনো প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যেই হোয়াইট হাউস তা তাদের নিজস্ব পেজে প্রকাশ করে থাকে।
যুক্তরাষ্ট্রে ১৯৭৮ সালের 'এথিক্স ইন গভর্নমেন্ট অ্যাক্ট' এবং ২০১২ সালের 'স্টক অ্যাক্ট' অনুযায়ী এসব আর্থিক হিসাব জমা ও প্রকাশ করা বাধ্যতামূলক। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট তাদের প্রতিবেদন ওজিই-তে জমা দেন এবং সিনেট কর্তৃক অনুমোদিত কর্মকর্তা ও শীর্ষ হোয়াইট হাউস সহযোগীদের অনুলিপিও ওজিই-তে পাঠানো হয়। কিন্তু হোয়াইট হাউসের অন্য কর্মীদের হিসাব হোয়াইট হাউসের হেফাজতেই থাকে এবং সেগুলোর অনেক নথি ওজিই-এর ওয়েবসাইটে আসে না। গত সেপ্টেম্বর মাসে সিবিএস নিউজের অনুসন্ধানে দেখা যায়, হোয়াইট হাউসের তালিকায় থাকা প্রায় ১৮০ জন কর্মকর্তার মধ্যে ১১০ জনেরও বেশি কর্মকর্তার তথ্য ওজিই-এর অনলাইন রেকর্ডে ছিল না।
চলতি বছরের শুরু থেকে প্রকাশিত নথিপত্র অনুযায়ী, প্রেসিডেন্টের অ্যাকাউন্টের মাধ্যমে হাজার হাজার শেয়ার লেনদেন সংঘটিত হয়েছে। এর মধ্যে সরকারের সরাসরি নীতিগত প্রভাব রয়েছে কিংবা সরকারের সাথে ব্যবসায়িক সম্পৃক্ততা আছে এমন একাধিক প্রতিষ্ঠানের শেয়ারও ছিল। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে পূর্বে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট তার নিজস্ব বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনায় সরাসরি যুক্ত নন এবং তার অর্থ বাইরের স্বাধীন আর্থিক উপদেষ্টারা ব্যবস্থাপনা করেন।

