ওয়াশিংটন ডি সিতে অপরাধ দমনের বিশেষ দায়িত্বে নিয়োজিত এক মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যের বিরুদ্ধে তার নিজের সহকর্মীর দিকে পিস্তল তাক করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সেনা সদস্যের নাম জিয়ন মিচেল (২১)। তিনি জর্জিয়ার ম্যাকনের বাসিন্দা।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার সুপিরিয়র কোর্টে ইউএস অ্যাটর্নি জেনিন পিরোর কার্যালয় থেকে দায়ের করা ফৌজদারি অভিযোগ অনুযায়ী, মিচেলের বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র নিয়ে হামলা এবং হামলার সময় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে কোনো জামিন ছাড়াই বন্দি অবস্থায় আটকে রাখা হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৫ আগস্ট উত্তর-পূর্ব ওয়াশিংটন ডি সির একটি পোপাইস (Popeyes) রেস্তোরাঁ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সে সময় একটি কালো ভ্যানের ভেতরে অন্য সহকর্মীদের সাথে বসেছিলেন ভুক্তভোগী নারী সেনা সদস্য। সেখানে চুলের স্টাইল এবং তারা সেনাবাহিনীর নিয়মকানুন সঠিকভাবে মেনে চলছেন কি না, তা নিয়ে মিচেলের সঙ্গে তার তীব্র তর্কাতর্কি শুরু হয়।
ভুক্তভোগী নারী পুলিশকে জানান, কথা কাটাকাটির একপর্যায়ে তিনি পিস্তলের খাপ খোলার শব্দ (holster click) শুনতে পান। তবে তাৎক্ষণিকভাবে তিনি বুঝতে পারেননি কী ঘটছে। পরে আরেক সহকর্মীর কাছ থেকে তিনি জানতে পারেন যে, মিচেল তার অস্ত্র বের করে সরাসরি তার দিকে তাক করেছিলেন। ভ্যানে থাকা অন্য কয়েকজন প্রত্যক্ষদর্শীও পুলিশকে জানিয়েছেন যে তারা মিচেলকে পিস্তল বের করে ওই নারীর দিকে তাক করতে দেখেছেন। একজন প্রত্যক্ষদর্শী মিচেলকে অত্যন্ত আগ্রাসী এবং দুর্বলদের ওপর চড়াও হওয়া ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, নারীদের হুমকি দেওয়ার জন্য মিচেলের আগে থেকেই বদনাম রয়েছে।
পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে মিচেল প্রথমে ঘটনাটিকে কেবলই ঠাট্টা-তামাশা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে পরে তিনি তার আগের বক্তব্য প্রত্যাহার করে নেন এবং স্বীকার করেন যে, তিনি সত্যিই পিস্তল বের করে ওই নারী সহকর্মীর দিকে তাক করেছিলেন। এই ঘটনার পর মিচেলের পক্ষে লড়ার জন্য কোনো আইনজীবীর সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ওয়াশিংটন ডি সিতে সহিংস অপরাধের হার কমাতে ট্রাম্প প্রশাসনের বিশেষ অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালের আগস্ট থেকে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা শুরু হয়। এই অভিযানে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় পুলিশও যুক্ত রয়েছে। ইউএস অ্যাটর্নি জেনিন পিরো এর আগে ডি সির রাস্তায় অপরাধ নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছিলেন। তবে এবার সেই বাহিনীরই এক সদস্যকে সহকর্মীর ওপর হামলার অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হলো।
September 9, 2026 / 11:56 AM EDT / CBS News

