চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় কৃষি বিভাগ। শনিবার দুপুরে উপজেলার গোপালনগর ও উমরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে সারভর্তি দুটি ভটভটি গোপালনগর ও উমরপুর এলাকায় পৌঁছালে কৃষি অফিসের কর্মকর্তারা সেখানে অভিযান চালান। এই অভিযানে দুটি ভটভটি থেকে মোট ১৬৯ বস্তা সার জব্দ করা হয়।
জব্দকৃত সারের মধ্যে রয়েছে ১৫৫ বস্তা ডিএপি, ৯ বস্তা এমওপি এবং ৫ বস্তা টিএসপি সার। অভিযানের সময় সারের মালিককে আটক করা সম্ভব হয়নি। জব্দ করার পর সারগুলো স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। কৃষি কর্মকর্তা আরও জানান, প্রশাসনের উপস্থিতিতে এই সার দ্রুতই স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হবে।

