পিঠের নিচের অংশে ইনজুরির কারণে পাকিস্তানের তরুণ টপ-অর্ডার ব্যাটার আব্দুল্লাহ ফজল আসন্ন ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে বৃহস্পতিবার অনুশীলনের সময় তিনি এই ইনজুরিতে পড়েন। এই ভেন্যুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৩ বছর বয়সী এই ব্যাটারকে এখন দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তার বদলি হিসেবে কাকে নেওয়া হবে, সে বিষয়ে পিসিবি এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার পর থেকেই ফজল পাকিস্তানের অন্যতম প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিষেক টেস্টের দুই ইনিংসেই তিনি অর্ধশতক হাঁকিয়েছিলেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি ম্যাচেও তিনি দারুণ ফর্মে ছিলেন, যেখানে তিনি অপরাজিত ৫০ ও ৪৮ রানের ইনিংস খেলেছিলেন এবং প্রথম টেস্টের জন্য নিশ্চিতভাবেই বিবেচনায় ছিলেন।
এমআরআই স্ক্যান ও ক্লিনিক্যাল পরীক্ষার পর দলের মেডিকেল প্যানেল তার পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে অনুশীলনের সময় ঠিক কীভাবে তিনি ইনজুরিতে পড়েছেন, সে বিষয়ে পিসিবি বিস্তারিত কিছু জানায়নি।
ফাজলের এই অনুপস্থিতি মিডল-অর্ডার ব্যাটার আওয়াইস জাফরের জন্য টেস্ট অভিষেকের সুযোগ তৈরি করে দিয়েছে। এর আগে ফিটনেস সমস্যার কারণে সৌদ শাকিল স্কোয়াডে না থাকায় আওয়াইস জাফরকে দলে ডাকা হয়েছিল। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে দলের বাইরে থাকা ইমাম-উল-হক এবার ওপেনার হিসেবে দলে ফেরার অপেক্ষায় আছেন। ফজল ও আজান আওয়াইস আগের ম্যাচে ওপেন করেছিলেন।
ক্যারিয়ারের শুরুর দিকে এমন গুরুত্বপূর্ণ দুটি অ্যাওয়ে সিরিজে খেলতে না পারা ফজল ও পাকিস্তান দলের জন্য বড় ধাক্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টের পর পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

