ওহাইওতে ডেমোক্রেটিক পার্টির গভর্নর পদপ্রার্থী অ্যামি অ্যাক্টনের নির্বাচনী প্রচারণার সময় এক সশস্ত্র ব্যক্তি হামলার চেষ্টা চালিয়েছে। রোববার ক্যানফিল্ড ফেয়ারে আয়োজিত এক প্রচারণামূলক কর্মসূচিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
মাহোনিং কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্রিস অ্যান্ডারসন এক বিবৃতিতে জানান, হামলাকারী ব্যক্তি বেশ কয়েকজন স্বেচ্ছাসেবককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ঘটনার সময় ওই ব্যক্তির কাছে একাধিক অস্ত্র ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করেছে। এই ঘটনায় অ্যামি অ্যাক্টন অক্ষত থাকলেও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ওহাইওর ৫৯তম স্টেট হাউস ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রার্থী ওয়েইন পেনি জুনিয়র জানান, ডেমোক্রেটিক পার্টির তাঁবুর কাছে একদল ব্যক্তি হট্টগোল করছিল। তাদের মধ্য থেকেই একজন হঠাৎ ভিড় ঠেলে অ্যাক্টনের দিকে এগিয়ে যায়। পেনি বলেন, 'সে ভিড়ের মধ্যে ঢুকে আমাদের স্বেচ্ছাসেবকদের মাটিতে ফেলে দেয়। একজন পার্কিনসন রোগে আক্রান্ত বয়স্ক ব্যক্তিকে সে ধাক্কা দিয়ে ফেলে দিলে তার মাথায় আঘাত লাগে। এরপরই হাইওয়ে পেট্রোল বা নিরাপত্তা কর্মীরা তাকে জাপটে ধরে গ্রেফতার করে।' তিনি আরও জানান, গ্রেফতারের পর ওই ব্যক্তির আঙুল থেকে ব্রাস নকলস পড়ে যেতে দেখা যায় এবং তার কাছে একটি আগ্নেয়াস্ত্রও ছিল।
অ্যাক্টনের প্রচারণার যোগাযোগ পরিচালক অ্যাডি বুলক জানান, আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য অ্যাক্টন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। তিনি আরও বলেন, ওহাইওতে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং ডক্টর অ্যাক্টন সব সময় ঘৃণা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সোচ্চার থাকবেন।
এদিকে, অ্যাক্টনের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামী এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তার যোগাযোগ পরিচালক কনি লাক এক বিবৃতিতে জানান, কোনো প্রার্থীকে হুমকি বা সহিংসতার ভয় ছাড়াই ভোটারদের সাথে দেখা করার সুযোগ থাকা উচিত। রাজনৈতিক কর্মকাণ্ডে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনার বিষয়ে মাহোনিং কাউন্টি শেরিফ বিভাগ এবং ওহাইও স্টেট হাইওয়ে পেট্রোলের কাছে তথ্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

