ওমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (ডব্লিউসিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টসে যোগ দিয়েছেন ভারতের ব্যাটার হারলিন দেওল। চলতি টুর্নামেন্টের বাকি অংশের জন্য দলটির পঞ্চম বিদেশি খেলোয়াড় হিসেবে বার্বাডোজে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বর্তমানে ভারত জাতীয় দল বা ভারত ‘এ’ দলের স্কোয়াডে না থাকা হারলিন টুর্নামেন্টের শেষ পর্যন্ত ট্রাইডেন্টসের হয়ে খেলবেন।
হারলিনের এই চুক্তির ফলে এবারের ডব্লিউসিপিএলে ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। টুর্নামেন্টের মোট ২০টি বিদেশি কোটার এক-চতুর্থাংশই এখন ভারতীয় ক্রিকেটারদের দখলে। বার্বাডোজ ট্রাইডেন্টসে আগে থেকেই খেলছেন ভারতের কিরণ নবগিরে ও পূজা বস্ত্রকার। হারলিনের অন্তর্ভুক্তি দলটির বিদেশি কোটায় ভারতীয় শক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা আরও বাড়িয়ে তুলবে। টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দুই ভারতীয় খেলোয়াড় হলেন শিখা পান্ডে ও ইয়াস্তিকা ভাটিয়া, যারা খেলছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে।
হারলিন দেওল এখন পর্যন্ত ভারতের হয়ে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০ ইনিংসে ৯২.০১ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৩১১ রান। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভারতের ওমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) তিনি গুজরাট জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। ডব্লিউপিএলে ২৮ ম্যাচে ১১৫.৬৮ স্ট্রাইক রেটে তাঁর রান ৬৪৯।
চলতি টুর্নামেন্টে বার্বাডোজ ট্রাইডেন্টস এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছে। গত ৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ২১ রানে হেরে যায় তারা। সেই ম্যাচে তিন ভারতীয় খেলোয়াড় দারুণ পারফর্ম করেছিলেন; নাইট রাইডার্সের শিখা পান্ডে ১৭ রানে ৩ উইকেট এবং ইয়াস্তিকা ভাটিয়া ২৮ বলে ৩৫ রান করেন, অন্যদিকে ট্রাইডেন্টসের কিরণ নবগিরে খেলেন ২১ বলে ২৮ রানের ইনিংস। ট্রাইডেন্টস তাদের পরবর্তী ম্যাচে শনিবার জ্যামাইকা এমপ্রেস এবং রবিবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে।

