আয়ারল্যান্ডে দুই দিনের সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি আইরিশ হুইস্কির ওপর থেকে সমস্ত শুল্ক প্রত্যাহার করে নেবেন। কাউন্টি ক্লেয়ারের ডুনবেগে অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ রিসোর্টে আইরিশ ওপেনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে তিনি বিজয়ী গলফার শেন লোরির হাতে ট্রফি তুলে দেন।
বর্তমানে রিপাবলিক অফ আয়ারল্যান্ডে উৎপাদিত হুইস্কি ইউরোপীয় ইউনিয়নের পণ্য হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ১৫ শতাংশ শুল্কের আওতায় পড়ে। তবে যুক্তরাজ্যে উৎপাদিত হুইস্কির ওপর কোনো শুল্ক নেই। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে আইরিশ হুইস্কি উৎপাদকরা নতুন সুবিধা পাবেন। ট্রাম্প জানান, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিচেল মার্টিন এবং গলফার শেন লোরির সাথে আলোচনার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি আইরিশ হুইস্কির ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিচ্ছি।
সফরের দ্বিতীয় দিনে ট্রাম্প আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের একীভূত হওয়ার বিষয়ে তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি একে 'প্রাকৃতিক' বলে মন্তব্য করেন। তবে তার এই মন্তব্যের বিষয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিচেল মার্টিন জানান, এটি তার ব্যক্তিগত মতামত এবং এতে অবাক হওয়ার কিছু নেই।
এদিকে, ট্রাম্পের সফরকে কেন্দ্র করে শনিবার ডাবলিনে ১০,০০০-এর বেশি মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। ডুনবেগেও রবিবার প্রায় ১০০ জন বিক্ষোভকারী জড়ো হন। স্থানীয় ব্যবসায়ীদের মতে, গলফ কোর্সে ৩০০ জনেরও বেশি মানুষ কর্মরত রয়েছেন, যা স্থানীয় অর্থনীতির জন্য বড় আশীর্বাদ। সফরের শেষে ট্রাম্প শ্যানন বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে করে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন।

