উইমেনস হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্টে জেমাইমা রদ্রিগেসের দায়িত্বশীল ব্যাটিংয়ে সানরাইজার্স লিডসকে ৫ উইকেটে হারিয়ে জয়ের ধারা বজায় রেখেছে সাউদার্ন ব্র্যাভ। অন্য ম্যাচে এমআই লন্ডনের বিপক্ষে ৬০ রানের বিশাল ব্যবধানে বড় জয় পেয়েছে ওয়েলশ ফায়ার।
হেডিংলিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১১৬ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স লিডস। ওপেনার ব্রায়োনি স্মিথ ৩৪ বলে ৪৮ রানের (৬টি চার ও ১টি ছক্কা) এক কার্যকারী ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে তিনি অ্যানাবেল সাদারল্যান্ডের (২২ বলে ১৯) সঙ্গে ৫৭ রান যোগ করেন। তবে সারাহ গ্লেন সাদারল্যান্ডকে ফিরিয়ে এই জুটি ভাঙার পরই ধস নামে লিডসের ইনিংসে। টিলি কর্টিন-কোলম্যান আউট করেন ড্যানিয়েল গিবসনকে এবং ইসি ওং মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। শেষদিকে দীপ্তি শর্মার ১৪ বলে দ্রুতগতির ২৩ রানের ইনিংসে ভর করে লড়ার মতো পুঁজি পায় লিডস।
জবাবে ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাউদার্ন ব্র্যাভ ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। কাসিডি ম্যাককার্থি (২-১৪) এবং ড্যানিয়েল গিবসনের তোপে সাজঘরে ফেরেন লিজেল লি, মায়া বুশিয়ার এবং লরা উলভার্ট। এই কঠিন পরিস্থিতিতে হাল ধরেন জেমাইমা রদ্রিগেস। তিনি ৩৪ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। চতুর্থ উইকেটে সোফি মলিনাক্সের (১৭ বলে ২১) সঙ্গে ৩৫ রানের এবং পরে জোডি গ্রিউককের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে ৪ বল বাকি থাকতেই দলের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন জেমাইমা।
টুর্নামেন্টের অন্য ম্যাচে, প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েলশ ফায়ার। প্রথমে ব্যাট করে তারা ৪ উইকেটে ১৭৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ওপেনার জর্জিয়া ভল ২৬ বলে ৪২ রান করে ভালো ভিত্তি গড়ে দেন। তবে ইনিংসের মূল আকর্ষণ ছিল সোফি ডিভাইন (২৯ বলে ৫২) এবং জর্জিয়া ওয়্যারহ্যামের (২০ বলে অপরাজিত ৪৩) মধ্যকার বিধ্বংসী জুটি। চতুর্থ উইকেটে তারা মাত্র ৩৬ বলে ৭৯ রান যোগ করেন। এমআই লন্ডনের পক্ষে হেইলি ম্যাথিউস ৫২ রান দিয়ে ২ উইকেট নেন।
১৭৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে এমআই লন্ডন। গ্রেস পটস প্রথম ১৬ বলের মধ্যে হেইলি ম্যাথিউস ও কিরা চ্যাথলিকে ফিরিয়ে দেন এবং পরে ড্যানি ওয়াট-হজকে (১২) বোল্ড করেন। এরপর এমিলি আরলট আউট করেন অ্যামেলিয়া কেরকে এবং সোফি ডিভাইন তুলে নেন নিকোলা ক্যারির উইকেট। ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় এমআই লন্ডন। সপ্তম উইকেটে শিনেল হেনরি (৩০) এবং অ্যালিস ডেভিডসন-রিচার্ডস (১৮) ৪৬ রান যোগ করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতেই ১১৭ রানে অলআউট হয় এমআই লন্ডন। গ্রেস পটস ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন।

