প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৯। সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় রোববার সন্ধ্যায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা এই বিপদের মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।
সোমবার বিজিএমইএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এছাড়া দুর্ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে সংগঠনটি। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এই সংকটের মুহূর্তে আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো তাদের প্রথম ও প্রধান অগ্রাধিকার।
বিজিএমইএ জানায়, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম ও প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সার্বিক সহায়তা করেছে। এই ঘটনায় কোনো নিয়মিত পোশাক শ্রমিক আহত হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং বিজিএমইএর একটি মেডিকেল টিম তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করছে। এছাড়া প্রীতি গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আহতদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিজিএমইএ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে। এই কমিটি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং গ্যাস লরি বা সিলিন্ডার খালাসের নিরাপত্তা ত্রুটিগুলো খতিয়ে দেখবে। পাশাপাশি পোশাক কারখানায় কেমিক্যাল ও দাহ্য পদার্থ সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল মেনে চলার জন্য জরুরি সার্কুলার জারি করা হচ্ছে। বিজিএমইএ এই উদ্ধারকাজে দ্রুত সাড়া দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

