পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৬-২৭ মৌসুমের জন্য নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। নতুন এই তালিকায় খেলোয়াড়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আটজনে নামিয়ে আনা হয়েছে, যেখানে আগের মৌসুমে ২০ জন খেলোয়াড় চুক্তিবদ্ধ ছিলেন। আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে।
নতুন চুক্তিতে তিন ক্যাটাগরির বিন্যাস রাখা হয়েছে। ক্যাটাগরি এ-তে জায়গা পেয়েছেন ফাতেমা সানা এবং সাদিয়া ইকবাল। ক্যাটাগরি বি-তে রয়েছেন মুনিবা আলি সিদ্দিকি, নাশরা সান্ধু এবং সিদরা আমিন। এছাড়া ক্যাটাগরি সি-তে অন্তর্ভুক্ত করা হয়েছে আয়েশা জাফর, গুল ফিরোজা এবং সাদাফ শামাসকে।
গত মৌসুমে ক্যাটাগরি এ-তে থাকা মুনিবা আলি এবং সিদরা আমিন এবার ক্যাটাগরি বি-তে নেমে গেছেন। অন্যদিকে, গুল ফিরোজা এবং সাদাফ শামাস ক্যাটাগরি ডি থেকে সি-তে উন্নীত হয়েছেন। আয়েশা জাফর নতুন মুখ হিসেবে এই তালিকায় যুক্ত হয়েছেন। পিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম, ফিটনেস এবং দলের ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনা করে এই ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।
চুক্তির এই তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে, যেখানে গত মৌসুমের ১৩ জন খেলোয়াড় বাদ পড়েছেন। বাদ পড়া তালিকায় রয়েছেন আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, রামিন শামিম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহাইল, সিদরা নওয়াজ, সৈয়দা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি এবং ওয়াহিদা আখতার। এছাড়া উদীয়মান খেলোয়াড় ইমান ফাতিমা এবং শওয়াল জুলফিকারও নতুন চুক্তিতে জায়গা পাননি।
পিসিবি জানিয়েছে, চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়মিত ফিটনেস মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে এবং চুক্তির পুরো সময়জুড়ে বোর্ড নির্ধারিত মান বজায় রাখতে হবে।

