জাপানের ওকিনাওয়ায় একটি হোটেলের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধারের পর মার্কিন মেরিন কোরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সরকারি তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ডেভিন জ্যাকব ব্যালার্ড, যার বয়স ২০ বছর। তিনি মার্কিন মেরিন কোর এয়ার স্টেশন ফুতেনমায় কর্মরত ছিলেন।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, নিহত ওই নারীর নাম ইয়াগি আনা (৩৯)। শনিবার ভোরে নাহা শহরের একটি হোটেলে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে 'বর্বর ও জঘন্য' ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি মার্কিন কর্তৃপক্ষকে তাদের কর্মীদের ওপর কঠোর নিয়মকানুন ও শৃঙ্খলা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'এই ধরণের ঘটনা একেবারেই অমার্জনীয় এবং আমাকে তীব্র ক্ষুব্ধ করেছে। মার্কিন সামরিক কর্মীদের জড়িত থাকা এমন ঘটনা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে এবং তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'
ওকিনাওয়ার গভর্নর গেনতা কোজা এই ঘটনাকে মার্কিন সামরিক বাহিনীর শৃঙ্খলা ও শিক্ষার অভাব হিসেবে দেখছেন। তিনি বলেন, 'এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে, শৃঙ্খলা বজায় রাখা ও কর্মীদের শিক্ষিত করার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ।'
মার্কিন মেরিন কোর এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই গুরুতর অপরাধের অভিযোগের বিষয়ে জাপানি কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে এবং ভুক্তভোগীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। এদিকে টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা জাপানি সরকার ও স্থানীয় পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। এই ঘটনার বিষয়ে আলোচনার জন্য রবিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাসকে তলব করেছে। ওকিনাওয়ায় বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং সেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

