সাইপ্রাসের পাফোস ডিস্ট্রিক্ট কোর্টে মঙ্গলবার এক ব্রিটিশ নাগরিকের আইনজীবী তার মক্কেলের কারাদণ্ড না দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছেন। নিজের ৩ বছর বয়সী সন্তানের মৃত্যুর শোকই তার জন্য সবচেয়ে বড় শাস্তি বলে আদালতে দাবি করা হয়।
ঘটনাটি ঘটে গত ১২ জুলাই কিং ইভেলথন হোটেলের চতুর্থ তলার একটি রুমে। পুলের ধারে দিন কাটানোর পর সেই ব্যক্তি তার ছেলে এবং শ্বশুরের সঙ্গে রাতের খাবারের জন্য লিফটের দিকে যাচ্ছিলেন। সেই সময় হোটেলের ওয়াটারপার্ক দেখানোর জন্য তিনি ছেলেকে জানালা দিয়ে উঁচিয়ে ধরলে শিশুটি হঠাৎ ফসকে ১২ মিটার (প্রায় ৪০ ফুট) নিচে পড়ে গিয়ে মারা যায়।
আদালতে অভিযুক্তের আইনজীবী আলেকজান্দ্রোস আলেকজান্দ্রু বলেন, তার মক্কেল অবহেলার বিষয়টি স্বীকার করে নিয়েছেন, তবে এটি ইচ্ছাকৃত ছিল না। তিনি বিচারক ফ্রোসো ক্রিস্টোডুলিডুকে বলেন, সেই মুহূর্তের ভুলটি তার মক্কেলকে সারাজীবন তাড়িয়ে বেড়াবে। আইনজীবী আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি একজন অডিটর হিসেবে যুক্তরাজ্যে কর্মরত এবং কারাদণ্ড হলে তিনি তার পেশাগত লাইসেন্স হারানোর ঝুঁকিতে রয়েছেন।
শুনানির সময় অভিযুক্ত ব্যক্তিকে আবেগপ্রবণ অবস্থায় দেখা যায় এবং তার পরিবারের সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন। তার মাকেও কাঁদতে দেখা গেছে। আইনজীবী আরও জানান, অভিযুক্ত এবং তার শ্বশুর তদন্তকারীদের কাছে জানিয়েছিলেন যে তারা ভেবেছিলেন জানালার কাঁচটি বন্ধ ছিল।
মামলার শুনানিতে প্রসিকিউটর ক্রিসো পারগান্তি জানান, হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর শিশুটির মৃত্যু হয়। তার মাথার খুলি ও হাড় ভেঙে গিয়েছিল এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়াও প্রসিকিউটর জানান, ঘটনার ছয় ঘণ্টা পর পরীক্ষা করে অভিযুক্তের রক্তে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গিয়েছিল, যা আইনগত সীমার চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আইনজীবীর দাবি, ঘটনার সময় তার মক্কেল মদ্যপ ছিলেন এমন কোনো প্রমাণ নেই।
আইনজীবী আলেকজান্দ্রু বিচারককে বলেন, তিনি অভিযুক্তকে দায়মুক্তি দিতে বলছেন না, তবে আদালত যেন সেই সময়ের ভুলের ধরণটি বিবেচনা করে। তিনি বলেন, সর্বোচ্চ সাজা না দিয়েও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। বিচারক ফ্রোসো ক্রিস্টোডুলিডু আগামী ১৬ অক্টোবর এ বিষয়ে রায় ঘোষণা করবেন।

