ডব্লিউডব্লিউই থেকে অবসরের প্রায় ১০ মাস অতিবাহিত হওয়ার পর নিজের বর্তমান মানসিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন ১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জন সিনা। গত বছরের ১৩ ডিসেম্বর ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ তিনি পেশাদার রেসলিং থেকে আনুষ্ঠানিক অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি ডব্লিউডব্লিউইতে কালেভদ্রে উপস্থিত হলেও, আর কোনো ম্যাচ খেলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
সম্প্রতি ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে অংশ নিয়ে সিনা জানান, তিনি এখনও রেসলিংয়ের প্রতি ভীষণভাবে অনুরক্ত। তিনি বলেন, “আমি রিংয়ে চিরকাল থাকতে চাই। আমি এখনও সেখানে থাকতে চাই। শোয়ের আগে আমি যখন কোনো ভেন্যুতে বসি, তখন মনে হয় এখানেই ১৮ ফুটের একটি রিং বসিয়ে দারুণ কিছু করা সম্ভব। আমি রেসলিং ভালোবাসি এবং সবসময় বাস করব।”
তবে কেন তিনি আর ফিরে আসছেন না, তার ব্যাখ্যায় সিনা জানান, তিনি নিজের ইগোর বশবর্তী হয়ে রিংয়ে ঝুলে থাকতে চান না। তিনি বলেন, “আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আমি খারাপ কাজ করব না। নিজের স্বার্থপরতার কারণে বা ইগোর জন্য রিংয়ে পড়ে থেকে অন্য সবার অভিজ্ঞতা নষ্ট করতে চাই না।”
সিনা স্বীকার করেন যে, বয়সের সাথে সাথে রিংয়ে তার গতি কমে আসছিল। তিনি বলেন, “আমি বুঝতে পারছিলাম যে আমি ধীরগতির হয়ে পড়ছি, বয়স বাড়ছে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছি। আমি যতটা সম্ভব দীর্ঘ সময় রিংয়ে টিকে থাকার চেষ্টা করেছি। কিন্তু এখন শোয়ের জন্য প্রস্তুতি নিতে এবং শো শেষে সেরে উঠতে আগের চেয়ে বেশি সময় লাগছে। আমি হয়তো আরও এক বা দুই বছর চালিয়ে যেতে পারতাম, কিন্তু তাতে ইনজুরিতে পড়ার ঝুঁকি অনেক বেড়ে যেত। আমি নিজেকে সেই ঝুঁকিতে ফেলতে চাইনি।”
রেসলিংয়ের বাইরে নিজের হলিউড ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন সিনা। ‘হ্যাপি, স্যাড, কনফিউজড’ পডকাস্টে তিনি জানান, অভিনয়ের শুরুর দিকে তার নিষ্ঠা রেসলিংয়ের মতো ছিল না। সে সময় তিনি সেটে শেষ মুহূর্তে পৌঁছাতেন এবং কাজ বুঝে নেওয়ার চেষ্টা করতেন। সিনা অকপটে স্বীকার করেন যে, অভিনয়ের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার আগেই তিনি প্রায় বাদ পড়ে যাচ্ছিলেন। তবে সেই দ্বিতীয় সুযোগটি তিনি কাজে লাগাতে সক্ষম হয়েছেন এবং এখন তিনি অভিনয়ের প্রতি আরও মনোযোগী।

