কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কে দুই শিশুকন্যাকে ফেলে রেখে চলে গেছেন তাদের মা। রবিবার দুপুরে ঘটা এই ঘটনায় দেড় বছর বয়সী রোজা এবং তার পাঁচ বছর বয়সী বড় বোন ইসরাতকে সড়কের পাশে একা দাঁড়িয়ে কাঁদতে দেখেন স্থানীয়রা। শিশু দুটি ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মো. নাছির ও জেসমিন দম্পতির সন্তান।
স্থানীয় বাসিন্দাদের কাছে পাঁচ বছর বয়সী ইসরাত জানায়, তাদের মা চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে আসেন এবং পরে কোথায় যেন চলে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। শিশু দুটির পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে পেতে স্থানীয় কয়েকজন তাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এই ছবি ও ভিডিও দেখে শিশু দুটির এক চাচি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশু দুটিকে তার জিম্মায় হস্তান্তর করেন।
শিশুদের চাচি স্থানীয়দের জানান, শিশু দুটির বাবা মো. নাছির আগে কুমিল্লা শহরে বসবাস করতেন এবং সেখানে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। তবে চার মাস আগে নাছির ও জেসমিনের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং এরপর তাদের মা জেসমিন অন্যত্র বিয়ে করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে চাচি মুঠোফোনে জেসমিনের সঙ্গে কথা বলেন। ফোনে জেসমিন জানান, তিনি ইচ্ছা করেই শিশুদের ফেলে গেছেন এবং তাদের আর ফিরিয়ে নেবেন না। এদিকে, শিশু দুটির বাবার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান ভূঁইয়া রিপন জানান, তিনি বিষয়টি শুনেছেন। মা-বাবার বিচ্ছেদের কারণে মা ব্রাহ্মণপাড়া সদরে শিশুদের রেখে কুমিল্লা চলে গেছেন। বর্তমানে শিশু দুটি তাদের এক স্বজনের কাছে নিরাপদে রয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, স্থানীয় এক চিকিৎসক তাকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। তবে পরিবারের লোকজন ওই চিকিৎসকের দোকানে চলে আসায় তাদের কাছেই দুই শিশুকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

