উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকার উন্নয়ন প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ দিচ্ছে, কিন্তু এই অর্থের উৎস জনগণ। তাই এই অর্থের প্রতিটি পয়সা যাতে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় হয়, সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে। তিনি সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার একটি বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের সাধারণ মানুষের তুলনায় সরকারি দায়িত্বে যারা আছেন, তারা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগকে মানুষের উপকারে কাজে লাগাতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, যার যতটুকু কাজ করার সুযোগ রয়েছে, সেই দায়িত্ব যেন পরম আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হয়। দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না, তাই যতদিন এই সুযোগ রয়েছে, তা দেশের মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয় করতে হবে। এ সময় তিনি কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, মাঠের বাস্তব অভিজ্ঞতা সরকারের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরবেন। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

