‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে একটি ম্যারাথন কর্মসূচি পালন করেছে রমনা সমাজকল্যাণ সোসাইটি। বৃহস্পতিবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে রমনাবাসীসহ পাঁচ শতাধিক নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মূলত সুস্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শরীরচর্চায় নাগরিকদের উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছিল।
ম্যারাথনটি সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে যাত্রা শুরু করে। এরপর বেইলি রোড ও মিন্টো রোড হয়ে অংশগ্রহণকারীরা রমনা পার্কের ভেতর দিয়ে প্রদক্ষিণ করেন এবং যমুনার সামনে গিয়ে এর সমাপ্তি ঘটে।
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সুমনের নেতৃত্বে আয়োজিত এই ম্যারাথনে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, বিশিষ্ট চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন এবং সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় সংগঠনটির কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে সেক্রেটারি আতিকুর রহমান, ট্রেজারার আব্দুল্লাহ আল ফারুক এবং নির্বাহী সদস্য আকবর হোসেন, আবু আহমেদ মারুফ, সুলতান উদ্দিন ও আবু মুসা উপস্থিত ছিলেন। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে এবং নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে।

