বাহামাসের বিমিনি দ্বীপের কাছে সমুদ্রে স্নরকেলিং করার সময় প্রবল স্রোতের তোড়ে ভেসে যাওয়া দুই সন্তানকে বাঁচাতে গিয়ে এক ব্রিটিশ নারী প্রাণ হারিয়েছেন। ৩৬ বছর বয়সী ওই নারী নটিংহ্যামশায়ারের স্ট্যাপলফোর্ডের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
রয়্যাল বাহামাস পুলিশ ফোর্স জানিয়েছে, মঙ্গলবার সকালে দ্বীপটির দক্ষিণ প্রান্তের কাছে ওই নারী তার স্বামী ও দুই সন্তানের সাথে স্নরকেলিং করছিলেন। এ সময় হঠাৎ শক্তিশালী স্রোত দুই সন্তানকে ভাসিয়ে নিয়ে যায়। সন্তানদের উদ্ধার করতে গিয়ে ওই মা নিজেও স্রোতে ভেসে যান। পরবর্তীতে দুই সন্তানকে পানি থেকে উদ্ধার করা সম্ভব হলেও মাকে উদ্ধার করে ফেরি ডকে নিয়ে আসার পর স্থানীয় ক্লিনিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সকাল ১০টার কিছু পরে অ্যালিস টাউন পুলিশ স্টেশনে ওই নারীর নিথর দেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। উদ্ধারকারীরা তাকে ক্লিনিকে নিয়ে গেলে সেখানে সিপিআর দেওয়ার পরও তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে রয়্যাল বাহামাস পুলিশ ফোর্স। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপরাধের আলামত পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটির বিষয়ে ব্রিটিশ ফরেন অফিসের একজন মুখপাত্র গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, তারা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন এবং শোকসন্তপ্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

