ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রাক্তন স্ত্রী ভ্যানেসা ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি এখন ক্যান্সারমুক্ত। চলতি বছরের শুরুর দিকে তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল। ৪৮ বছর বয়সী ভ্যানেসা, যার সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের পাঁচটি সন্তান রয়েছে, তার ১৯ বছর বয়সী মেয়ে কাই ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। ভিডিওতে তিনি বলেন, তার সাম্প্রতিক পরীক্ষার ফলাফল পরিষ্কার এসেছে এবং তিনি অবশেষে ক্যান্সারমুক্ত।
শুক্রবার পোস্ট করা এই ভিডিওটি একটি দীর্ঘ ইউটিউব ভিডিওর অংশ হিসেবে তৈরি করা হয়েছে, যা শনিবার প্রকাশ পাওয়ার কথা। কাই ট্রাম্পের ভাষ্যমতে, এই দীর্ঘ ভিডিওতে ভ্যানেসা এবং তিনি ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। কাই তার পোস্টে লিখেছেন, অক্টোবর হলো ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। এই সময়ে প্রাথমিক শনাক্তকরণ, শিক্ষা এবং আক্রান্তদের সমর্থনের গুরুত্ব তুলে ধরা হয়। তিনি আরও জানান, ভিডিওতে তারা ডাক্তার নিকোল সাফিয়ারের সাথে ভ্যানেসার ক্যান্সারের লড়াই এবং রোগ প্রতিরোধ নিয়ে কথা বলেছেন।
কাইয়ের এই পোস্টে ২০ হাজারেরও বেশি লাইক এবং অসংখ্য মানুষ শুভকামনা জানিয়েছেন, যার মধ্যে আমেরিকান গায়িকা মেরি মিলবেনও রয়েছেন। ভ্যানেসা ট্রাম্প শুক্রবারের ভিডিওতে জানান, এপ্রিলে তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল। মে মাসে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন এবং জানান যে তিনি অস্ত্রোপচার সম্পন্ন করেছেন এবং চিকিৎসা দলের পরামর্শ অনুযায়ী পরবর্তী পরিকল্পনা করছেন। ভ্যানেসা ট্রাম্প ২০১৮ সালে ট্রাম্প জুনিয়রের সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এবং গত বছর তিনি মার্কিন গলফার টাইগার উডসের সাথে সম্পর্কের কথা জানান।
আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নারীদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার গড় ঝুঁকি প্রায় ১৩ শতাংশ বা ৮ জনের মধ্যে ১ জন। প্রতি বছর নতুন শনাক্ত হওয়া নারী ক্যান্সারের ৩০ শতাংশই ব্রেস্ট ক্যান্সার। সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করা হয়, তবে অবশিষ্ট ঝুঁকি কমাতে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা এন্ডোক্রাইন থেরাপির প্রয়োজন হতে পারে। বর্তমানে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় নতুন হরমোনাল থেরাপি এবং আরও কার্যকর রেডিওথেরাপিসহ বিভিন্ন উন্নত পদ্ধতি ব্যবহৃত হচ্ছে।

