যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত চীনা অর্থায়নে পরিচালিত কনফুসিয়াস ইনস্টিটিউটগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান।
হেগসেথের অভিযোগ, এই ইনস্টিটিউটগুলো ভিন্ন নাম ও সনদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, এর আড়ালে অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮০টি নতুন প্রোপাগান্ডা সেল সক্রিয় হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো মেধাসম্পদ চুরি করা এবং আমেরিকান শিক্ষার্থীদের চিন্তাধারাকে প্রভাবিত করা।
দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন কনফুসিয়াস ইনস্টিটিউটগুলোকে চীনের প্রোপাগান্ডা ছড়ানোর হাতিয়ার হিসেবে অভিযুক্ত করে আসছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে গত দুই মাসে পেন্টাগন পদ্ধতিগতভাবে প্রতিটি সংস্থাকে ভেঙে দিয়েছে বলে হেগসেথ উল্লেখ করেছেন।
এর আগে মার্কিন কংগ্রেস কনফুসিয়াস ইনস্টিটিউটকে আশ্রয় দেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তহবিল সীমিত করার পদক্ষেপ নিয়েছিল। বেইজিংয়ের অর্থায়নে পরিচালিত এই কেন্দ্রগুলো চীনা ভাষা শেখানোর কথা বললেও, এগুলোকে মূলত চীনা কমিউনিস্ট সরকারের দৃষ্টিভঙ্গি প্রচারের মাধ্যম হিসেবে দেখা হয়। এই বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

