লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ার ঘটনায় সরকারি অর্থের অপচয় হয়েছে বলে জানিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। এই ক্রয় সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ এবং ক্রয় কমিটির সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট দায়ীদের তালিকা জমা দিতে বলা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় বিমানের অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা এবং লোকসানি রুট পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
কমিটির পর্যালোচনায় উঠে আসে যে, বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকা সত্ত্বেও লিজ নেওয়া ১৫ বছরের পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ দুটি কেনা হয়েছে, যা পরবর্তীতে পরিচালন ব্যয়সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি অর্থের অপচয় ঘটিয়েছে। এছাড়া, ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে রাজস্ব ক্ষতির বিষয়টিও অডিটে উঠে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইটে ইকোনমি থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ আদায়ের পরও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা না হওয়ার মতো অনিয়ম প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু হয়েছে। বিমান কর্তৃপক্ষকে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য অডিটরদের সরবরাহ করতে বলা হয়েছে।
বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার ফলে হওয়া আর্থিক ক্ষতির বিষয়েও প্রতিবেদন চেয়েছেন কমিটির সদস্যরা। পাশাপাশি, প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়ে বিমান ও অডিট বিভাগকে সাত দিনের মধ্যে যৌথ প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে আরও উঠে আসে যে, লিজে নেওয়া দুটি উড়োজাহাজের ব্যয়সংক্রান্ত নথিপত্র নিরীক্ষকদের কাছে উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে ১৫ দিনের মধ্যে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিলে বিমান কর্তৃপক্ষ তা পালনের অঙ্গীকার করে। এছাড়া কোভিডকালীন ঢাকা-গুয়াংজু রুটের চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে সরকারি কোষাগারে অর্থ জমা না দেওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত এক মাসের মধ্যে সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি অনিষ্পন্ন অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত রয়েছে। ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে আটটির স্বপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দিতে না পারায় অডিট বিভাগ তা গ্রহণ করেনি। এসব আপত্তি নিষ্পত্তি ও অনাদায়ী অর্থ উদ্ধারের কর্মপরিকল্পনা আগামী এক মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে কমিটির সভাপতি নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

