ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০২৪ সালে ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন স্কট ম্যাকটমিনে। স্কটিশ এই মিডফিল্ডার নাপোলির হয়ে এরই মধ্যে স্কুদেত্তো এবং সুপারকোপা ইতালিয়ানা জয়ের স্বাদ পেয়েছেন। নিজের এই সাফল্যের পেছনে কোচ আন্তোনিও কন্তের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেছেন তিনি।
২০২৫ সালে কালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে নাপোলির চতুর্থ লিগ শিরোপা জয়ের ম্যাচে গোল করেছিলেন ম্যাকটমিনে। সেই বিশেষ মুহূর্তটির কথা স্মরণ করে তিনি জানান, সেই ম্যাচের কথা ভাবলে আজও তার গায়ে কাঁটা দেয়। ম্যাকটমিনে বলেন, বাতাসে তখন এক টানটান উত্তেজনা ছিল, তবে সেই ম্যাচের কথা মনে পড়লে আজও আমার শিহরণ জাগে। এমন মুহূর্তগুলো আপনাকে আরও বড় অর্জনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এটি নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের অন্যতম সেরা দিন, এমনকি সেরা দিন বলাই যায়। আমি আবারও এমন একটি রাত উপভোগ করতে চাই।
নাপোলি সমর্থকদের কাছে নায়ক হিসেবে পরিচিতি পেলেও, নিজেকে কেবল একজন পরিশ্রমী খেলোয়াড় হিসেবেই দেখতে পছন্দ করেন এই মিডফিল্ডার। তিনি বলেন, মানুষ আমাকে নায়ক হিসেবে দেখুক তা আমি চাই না। তারা আমাকে এমন একজন হিসেবে দেখুক যে কঠোর পরিশ্রম করে, আর এর সঙ্গে ফুটবলের বা মাঠের অর্জনের কোনো সম্পর্ক নেই। আমার লক্ষ্য হলো অনুশীলনে আসা, কাজ করা এবং বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়া।
বড় ম্যাচে চাপের মুখে জ্বলে ওঠার বিষয়ে ম্যাকটমিনে বলেন, ক্যারিয়ারজুড়ে আমি সবসময় গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ভালো পারফর্ম করেছি। এই ধরনের চাপ আমাকে দারুণভাবে উৎসাহিত করে। নিজের কর্মপদ্ধতি বা কাজের নৈতিকতার জন্য তিনি তার বাবাকে কৃতিত্ব দিয়েছেন। তিনি যোগ করেন, ক্যারিয়ারকে যদি আপনি আবেশের মতো করে না দেখেন, তবে কখনোই শীর্ষ পর্যায়ে পৌঁছাতে পারবেন না। আসল বিষয় হলো, প্রতিদিন অনুশীলনে আপনি কী করছেন এবং মাঠের বাইরে আপনার কাজগুলো কীভাবে করছেন।

