ইয়েমেনে হামলায় নিহত ১, ইরানে ‘ক্ষেপণাস্ত্র নগরী’ প্রদর্শন

ইয়েমেনের রাজধানী সানায় একটি গ্যাস স্টেশন এবং একটি তেল সুবিধায় রাতভর বিমান হামলায় অন্তত এক জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় বাসিন্দা ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে এই হামলা ও একাধিক সামরিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে এল।

হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানান, সানার একটি জেলায় একটি গ্যাস স্টেশনে চালানো হামলায় এক জন প্রাণ হারিয়েছেন এবং তিন জন আহত হয়েছেন। এছাড়া একটি তেল প্রতিষ্ঠানে পৃথক আরেকটি বিমান হামলায় অন্তত ছয় জন আহত হন। এই দ্বিতীয় হামলায় আশপাশের ঘরবাড়ি ও দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। আল-আসবাহি দুটি হামলার জন্যই সৌদি আরবকে দায়ী করেছেন, তবে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) স্বাধীনভাবে তার এই দাবি যাচাই করতে পারেনি।

সানার বাসিন্দা খালেদ আল-খাওলানি এপি-কে জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে আবাসিক এলাকার কাছে তেল সুবিধায় হওয়া শক্তিশালী বিস্ফোরণে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তা জনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে আরেকজন বাসিন্দা জানান, সবাই যখন ঘুমাচ্ছিলেন তখন বিকট বিস্ফোরণে শহরের জানালার কাচ ভেঙে পড়ে এবং পুরো সানা কেঁপে ওঠে।

চলতি গ্রীষ্মে হুথি ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে লড়াই নতুন করে তীব্র আকার ধারণ করার পর এই হামলা চালানো হলো। ইয়েমেনের ওপর সৌদি আরবের আরোপিত অবরুদ্ধকরণ তোলার দাবিতে হুথিরা দেশটির জ্বালানি কেন্দ্র ও বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে, হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি মঙ্গলবার প্রথম প্রহরে এক্স-এ জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এলাকায় একটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে। এপি এই দাবিটিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে ইয়েমেনের সসংঘর্ষের পাশাপাশি ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। মঙ্গলবার দেশটির আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডস তাদের একটি ভূগর্ভস্থ 'ক্ষেপণাস্ত্র নগরী' এবং নতুন কিছু ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনে। দেশটির রাষ্ট্রীয় টিভিতে একটি সম্পাদিত ও আংশিক অস্পষ্ট ভিডিও সম্প্রচার করা হয়, যেখানে সশস্ত্র বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল আলী আবদুল্লাহিকে সেই ভূগর্ভস্থ সুবিধা পরিদর্শন করতে দেখা যায়। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে বা স্থানটি কোথায় তা নির্দিষ্ট করা হয়নি।

ভিডিওর বক্তব্যে জেনারেল আবদুল্লাহি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানকে পরাস্ত করতে ব্যর্থ হয়ে ইসরায়েল স্পষ্টতই পরাজিত পক্ষে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, সম্ভাব্য যে কোনো ভবিষ্যৎ যুদ্ধে ইরানের পক্ষ থেকে নতুন 'সারপ্রাইজ' বা চমক থাকবে। এর আগে গত শনিবার রেভল্যুশনারি গার্ডসের মুখপাত্র জেনারেল হোসেন মোহেব্বি জানান, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিয়েছে। পূর্বে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ২,০০০ কিলোমিটার (১,২৫০ মাইল) নির্ধারণ করে রেখেছিল।

গত সপ্তাহে সামরিক প্রধানদের সঙ্গে এক বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার কড়া জবাব দেওয়ার আহ্বান জানান। বার্তা সংস্থা আইআরএনএ তার উদ্ধৃতি দিয়ে জানায়, যেকোনো ধরনের ও মাত্রার হুমকির অবিলম্বে, কার্যকর এবং ভৌগোলিক সীমাহীন উত্তর দেওয়া হবে।

রাজনীতির ময়দানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই সোমবার রাতে এক্স-এ এক পোস্টে দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে 'বিধ্বস্ত' করেছে। রেজাই ওয়াশিংটনকে সংঘাত অবসানে ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, ওয়াশিংটন একজন মরিয়া জুয়াড়ির মতো ছটফট করছে। ভুয়া আলোচনার ভিত্তিহীন খবর এবং পশ্চিম এশিয়ার 'নতুন বিশ্বব্যবস্থা' অস্বীকার করা বন্ধ করে মার্কিন পক্ষকে শর্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন সামরিক দিক থেকে ইরানের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে এবং আপাতত তিনি বিমান হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত নন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান মূলত শেষ, তাই তারা কেবল বর্তমান পরিস্থিতি (স্ট্যাটাস কো) বজায় রাখছেন।

তবে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনা শুরুর আগে বেশ কিছু শর্ত পালনের দাবি জানিয়ে আসছে। যার মধ্যে রয়েছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, তাদের সমুদ্রবন্দরের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া, ফ্রিজ করা সম্পদ সচল করা, যুদ্ধের ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া এবং লেবাননে ইসরায়েলি অভিযানসহ পুরো অঞ্চলে বৈরী তৎপরতা বন্ধ করা।

শিরোনাম :
স্পেনের ওভিয়েদোতে ব্যাকপ্যাক বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব, আনা হলো ৮টি অভিযোগ সাইপ্রাস আলোচনায় অগ্রগতিতে তুরস্কের স্বাগত, গ্রিক প্রশাসনের অবস্থান বদলের আহ্বান শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার ইয়েমেনে হামলায় নিহত ১, ইরানে ‘ক্ষেপণাস্ত্র নগরী’ প্রদর্শন রিক ফ্লেয়ারের হার্ট অ্যাটাককে রিংয়ের কৌশল ভেবেছিলেন আন্দ্রাদে কঠিন সময় পেরিয়ে ক্রিকেটের পুরোনো ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টায় সূর্যকুমার নেপোলিতে সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছেন কন্তে: ম্যাকটমিনে পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ টানা দ্বিতীয়বার জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা বর্জন করল যুক্তরাষ্ট্র স্পেনের ওভিয়েদোতে ব্যাকপ্যাক বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব, আনা হলো ৮টি অভিযোগ সাইপ্রাস আলোচনায় অগ্রগতিতে তুরস্কের স্বাগত, গ্রিক প্রশাসনের অবস্থান বদলের আহ্বান শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার ইয়েমেনে হামলায় নিহত ১, ইরানে ‘ক্ষেপণাস্ত্র নগরী’ প্রদর্শন রিক ফ্লেয়ারের হার্ট অ্যাটাককে রিংয়ের কৌশল ভেবেছিলেন আন্দ্রাদে কঠিন সময় পেরিয়ে ক্রিকেটের পুরোনো ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টায় সূর্যকুমার নেপোলিতে সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছেন কন্তে: ম্যাকটমিনে পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ টানা দ্বিতীয়বার জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা বর্জন করল যুক্তরাষ্ট্র