রাজধানীর শ্যামলী এলাকায় ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শ্যামলী শিশু মেলার অদূরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চলন্ত বাসটিকে লক্ষ্য করে আগুন দেওয়া হলে চালক ও সহকারী নিরাপদে নেমে আসতে সক্ষম হন। যাত্রীরাও দ্রুত বাস থেকে বেরিয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির বড় একটি অংশ ভস্মীভূত হয়েছে। এই ঘটনার পর মিরপুর সড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে এবং তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই দিনে বাসে আগুন দেওয়ার কয়েক ঘণ্টা আগে দুপুর ১টা ১০ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড়ে পরিত্যক্ত অবস্থায় ছয়টি তাজা ককটেল পাওয়া যায়। এক পথচারী বস্তায় বোমাসদৃশ বস্তু দেখে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি-৩) অবহিত করেন। পরে ব্যাটালিয়নের সদস্য ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে এবং নিরাপদে ধ্বংস করে। এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, কারা এই ককটেল রেখেছিল তা জানতে গোয়েন্দা অনুসন্ধান চলছে এবং শাহজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ যেকোনো সন্দেহজনক বস্তু দেখলে স্পর্শ না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছে।

