যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে পদাধিকারবলে গুরুতর অপরাধ ও অনিয়মের অভিযোগ তুলে তাকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন কেেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস মাসি। সোমবার মার্কিন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মাসি মোট আটটি অনুচ্ছেদে সাজানো ৩৪ পৃষ্ঠার একটি অভিশংসন প্রস্তাব পেশ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রস্তাবটি নিয়ে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
তবে প্রস্তাবটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। মধ্যবর্তী নির্বাচনে দলীয় পরাজয়ের পর ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে বেশ কয়েকজন রিপাবলিকান সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। হাউস জিওপি নেতৃত্ব মাসির প্রস্তাবটি ব্যর্থ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, নির্বাচনে হেরে যাওয়া রিপাবলিকান সদস্যদের অনুপস্থিতির সুযোগে এটি পাস হয়ে যাওয়ার পথ তৈরি হতে পারে। অন্যদিকে, মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে পিট হেগসেথ এই অভিশংসন প্রস্তাবকে একটি 'রাজনৈতিক নাটক' বলে অভিহিত করেছেন।
অভিশংসন প্রস্তাবের প্রথম অনুচ্ছেদে হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন বা যুদ্ধ ঘোষণা ছাড়াই বেআইনি নির্দেশ বাস্তবায়ন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোলিউশন লঙ্ঘন করে হেগসেথ পেন্টাগনের সম্পদ ও সামরিক বাহিনীকে অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত করেছেন। দ্বিতীয় অনুচ্ছেদে অভিযোগ করা হয়, গত জুনে কংগ্রেসের উভয় কক্ষে ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পাস হলেও হেগসেথ তা উপেক্ষা করেন এবং সামরিক অভিযান চালিয়ে যান। প্রশাসন সে সময় দাবি করেছিল যে যুদ্ধ পরিস্থিতি শেষ হয়ে গেছে, তবে রেজোলিউশনে বলা হয় যে হেগসেথ নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এবং অতিরিক্ত ৩০ দিনের সেনা প্রত্যাহারের সময় পার হওয়ার পরও অননুমোদিত সামরিক লক্ষ্য অর্জনে যুদ্ধ চালিয়ে যান।
চতুর্থ অনুচ্ছেদে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা কমানোর জন্য কংগ্রেসের নির্ধারিত পেন্টাগনের সুরক্ষা ব্যবস্থা ও অবকাঠামো ভেঙে ফেলার অভিযোগ আনা হয়েছে। এর ফলে গত ফেব্রুয়ারিতে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় আনুমানিক ১৭০ জন বেসামরিক লোক নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই ছিল শিশু। ইরানি গণমাধ্যম এই সংখ্যা নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্র সরাসরি হামলার দায় স্বীকার করেনি। মাসির অভিযোগে বলা হয়, হেগসেথ বেসামরিক ক্ষয়ক্ষতি সংক্রান্ত স্টাফ ছাঁটাই করেন, শীর্ষ সামরিক আইনজীবীদের বরখাস্ত করেন এবং নিয়মনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে এই ঘটনার পথ প্রশস্ত করেছিলেন।
পঞ্চম অনুচ্ছেদে ক্যারিবীয় অঞ্চল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারী নৌকায় পেন্টাগনের অভিযানের বিষয়টি তোলা হয়েছে। সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এসব হামলায় অন্তত ২৪৩ জন নিহত হয়েছেন। এতে অভিযোগ করা হয়, কোনো বিচারিক প্রক্রিয়া বা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে প্রমাণের তোয়াক্কা না করে সন্দেহভাজনদের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর একটি নৌকায় হামলার পর বেঁচে যাওয়া দুই ব্যক্তি যখন ধ্বংসাবশেষ আঁকড়ে ছিলেন, তার ৪৫ মিনিট পর দ্বিতীয় হামলায় তাদের হত্যা করা হয়।
ষষ্ঠ অনুচ্ছেদে অ্যারিজোনার ডেমোক্র্যাট সেনেটর মার্ক কেলির সংবিধানে সংরক্ষিত বাকস্বাধীনতার ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার অভিযোগ করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে অবসরপ্রাপ্ত নেভি ক্যাপ্টেন কেলি এক ভিডিওতে সামরিক সদস্যদের বেআইনি আদেশ প্রত্যাখ্যানের কথা বলেন। জবাবে হেগসেথ তাকে তিরস্কারের চিঠি দেন এবং তার পদমর্যাদা ও অবসরকালীন সুবিধা কমিয়ে দেওয়ার হুমকি দেন, যা পরে ফেডারেল বিচারক স্থগিত করেন। সপ্তম অনুচ্ছেদে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরার অভিযানের কথা বলা হয়েছে, যেখানে ২০০ জনের বেশি স্পেশাল অপারেশন কর্মী ও ১৫০টির বেশি বিমান-ড্রোন অংশ নেয় এবং অন্তত ৮৩ জন নিহত হন। কংগ্রেসের অনুমতি ছাড়া জাতীয় তেল সম্পদ দখলে এই ঝুঁকি নেওয়া হয় বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।
অষ্টম ও চূড়ান্ত অনুচ্ছেদে ২০২৫ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে ১,১০০টির বেশি মার্কিন হামলার উল্লেখ রয়েছে। এতে অভিযোগ করা হয়, মাত্র আট সপ্তাহের কম সময়ে ইয়েমেনে এত পরিমাণ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, যা আগের ২৩ বছরের মোট সংখ্যার প্রায় সমান। এছাড়া 'দ্য আটলান্টিক'-এ ফাঁস হওয়া একটি সিগন্যাল গ্রুপ চ্যাটের বার্তা উদ্ধৃত করে বলা হয়, প্রশাসন ভালোভাবেই জানত যে হুথিরা অবিলম্বে কোনো বড় হুমকি ছিল না।

