তুরস্ক সফরের তিন দিনের শেষ দিনে দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে এক মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। এই সফরের অংশ হিসেবে তিনি এমিনে এরদোয়ানের সঙ্গে যৌথভাবে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে জাদুঘরটির উদ্বোধন করা হয়। এ সময় ডা. জুবাইদা রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এমিনে এরদোয়ানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। একই সঙ্গে অন্যান্য দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
জিরো ওয়েস্ট মিউজিয়ামের মূল লক্ষ্য হলো বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনযাত্রায় মানুষকে উৎসাহিত করা। জাদুঘরটিতে পরিবেশ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি ও প্লাস্টিকদূষণ কমানোর উদ্যোগগুলো তুলে ধরা হয়েছে। ২০১৭ সালে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের উদ্যোগে ‘জিরো ওয়েস্ট’ আন্দোলন শুরু হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে টেকসই পরিবেশ নিশ্চিত করা।
এর আগে, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ডা. জুবাইদা রহমান তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি সফরকালে জলবায়ু সম্মেলন কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি।

