জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার রংপুর নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এই সময়ে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট থাকবে।
নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি নূরপুর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে—বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানামা মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নূরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নার্সারি মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামাল কাছনা, চিড়ার মিল, ভ্যাট অফিস জিএল রায় রোড এবং আড়ং শোরুম-সংলগ্ন এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি রক্ষণাবেক্ষণ ও গাছ ছাঁটাইয়ের কাজ শেষ হয়ে যায়, তবে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা হবে।

