যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারের স্টিয়ারিং ব্যবস্থা বিকল হয়ে নোঙ্গর করে রাখা এক ক্রুজ জাহাজে সজোড়ে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। মার্কিন সরকারি নিরাপত্তা সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক অনুসন্ধানে শুক্রবারের এই মারাত্মক দুর্ঘটনার কারণ নিশ্চিত করা হয়েছে।
এনটিএসবি জানায়, 'অ্যাটলান্টিক অ্যাসফাল্ট' নামের পণ্যবাহী ট্যাঙ্কারটির স্টিয়ারিং ব্যবস্থার যান্ত্রিক ত্রুটির কারণে সেটির রাডার শক্ত হয়ে ডানদিকে (স্টারবোর্ড) আটকে যায়। স্টিয়ারিং বিকল হওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে প্রায় ১৬০ মিটার দীর্ঘ ট্যাঙ্কারটি নদীর পূর্ব তীরে থাকা ৯১ মিটার দীর্ঘ 'আমেরিকান হেরিটেজ' নামের রিভার ক্রুজ জাহাজটিকে আঘাত করে।
সংঘর্ষের সময় ক্রুজ জাহাজটিতে ১৪০ জন যাত্রী এবং ৫০ জন ক্রু সদস্য ছিলেন। এছাড়া ১৯ জন ক্রু নিয়ে চলাচল করছিল ট্যাঙ্কারটি। এনটিএসবি সদস্য জন ডিলিউ জানিয়েছেন, সংঘর্ষের আঘাতের মাত্র ২২ মিনিটের মাথায় ক্রুজ জাহাজটি পানিতে উল্টে যায়। এতে জাহাজের যাত্রী, ক্রু এবং ঘটনাস্থলে উপস্থিত দুই পুলিশ কর্মকর্তা মিসিসিপি নদীতে পড়ে যান।
জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ৩২ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। শহরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে দুর্ঘটনায় আহত কারও আঘাতই আশঙ্কাজনক বা প্রাণঘাতী নয়। তবে রবিবার পর্যন্ত অন্তত ছয়জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এনটিএসবি-র দুর্ঘটনা তদন্তকারী বার্ট বার্নাম নিউ অরলিন্সে এক ব্রিফিংয়ে জানান, যান্ত্রিক ত্রুটির নেপথ্যে থাকা মূল কারণটি এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তিনি বলেন, এটি বিভিন্ন কারণে ঘটতে পারে এবং তদন্তকারীরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।
দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পোর্ট অব নিউ অরলিন্সের বোর্ড অব কমিশনার্স একটি ফেডারেল মামলা দায়ের করেছে। মামলায় অভিযোগ করা হয়, ট্যাঙ্কারটির ধাক্কায় তাদের মেরিন টার্মিনালের অবকাঠামোগত ক্ষতি ১ মিলিয়ন (১০ লাখ) ডলার ছাড়িয়ে গেছে। এ ছাড়া শুক্রবারই একজন ফেডারেল বিচারক গ্রেপ্তারি পরোয়ানা মঞ্জুর করে ট্যাঙ্কারটিকে মার্কিন ফেডারেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

