নামটা প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন। ৪০ বছর বয়সী 'টোয়াইলাইট' তারকা রবার্ট প্যাটিনসন আনুষ্ঠানিকভাবে পরবর্তী জেমস বন্ড হিসেবে নির্বাচিত হয়েছেন। ড্যানিয়েল ক্রেগের দীর্ঘ যাত্রার পর সিনেমার ইতিহাসের অন্যতম আইকনিক এই চরিত্রের দায়িত্ব নিলেন তিনি। অ্যামাজন এমজিএম স্টুডিওস ১৬ নভেম্বর ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এই কাস্টিং নিশ্চিত করে, যেখানে ক্লাসিক জেমস বন্ড থিমের সাথে প্যাটিনসনকে বন্ডের বেশে দেখা যায়। ভিডিওর পর্দায় লেখা ছিল, "জেমস বন্ড ফিরে আসবে।" এছাড়া একটি আনুষ্ঠানিক ছবিতে প্যাটিনসনকে হাতে বন্দুক এবং টাক্সেডো পরা অবস্থায় দেখা গেছে।
প্যাটিনসন এক বিবৃতিতে বলেন, জেমস বন্ড সিনেমার ইতিহাসের অন্যতম কিংবদন্তি চরিত্র। এই দায়িত্ব পাওয়া জীবনের সেরা সম্মান এবং এটি আমার কাছে স্বপ্ন পূরণের চেয়েও বেশি কিছু। পরিচালক ডেনি ভিলেনিউভ, যিনি এই নতুন নামহীন বন্ড সিনেমাটি পরিচালনা করবেন, তিনি জানান যে প্যাটিনসনকে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। ভিলেনিউভ বলেন, এই চরিত্রের জন্য যারা বিবেচিত হয়েছিলেন, তাদের সবার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। প্যাটিনসনের মধ্যে জেমস বন্ডের সেই কালজয়ী সত্তা রয়েছে এবং তিনি এই চরিত্রে সম্পূর্ণ নতুন এক প্রাণশক্তি নিয়ে আসবেন। আমি কাজ শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
প্যাটিনসনের ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত বছর চলছে। তিনি 'টোয়াইলাইট' ফ্র্যাঞ্চাইজির এডওয়ার্ড কালেন এবং 'হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার'-এর সেড্রিক ডিগোরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। চলতি বছর তিনি জেন্ডায়ার সাথে 'দ্য ড্রামা', ক্রিস্টোফার নোলানের অস্কার প্রত্যাশী সিনেমা 'দ্য ওডিসি' এবং 'প্রাইমটাইম'-এ ক্রিস হ্যানসেনের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া ডেনি ভিলেনিউভের সায়েন্স-ফিকশন মহাকাব্য 'ডিউন: পার্ট থ্রি'-তেও তাকে দেখা যাবে।
প্যাটিনসন এমন একজন বিরল অভিনেতা যিনি সিনেমার ইতিহাসের দুটি আইকনিক চরিত্রে অভিনয় করছেন। ২০২২ সালে ম্যাট রিভসের 'দ্য ব্যাটম্যান'-এ তিনি ব্যাটম্যান হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ২০২৮ সালে এর সিক্যুয়েলে তাকে পুনরায় দেখা যাবে। তবে ব্যাটম্যান এবং বন্ড উভয় চরিত্রে তিনি একই সাথে অভিনয় চালিয়ে যাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। ডিসি স্টুডিওসের নতুন নেতৃত্বের অধীনে ব্যাটম্যান সিরিজের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল। ২০২১ সালে 'নো টাইম টু ডাই' সিনেমার মাধ্যমে ড্যানিয়েল ক্রেগ বন্ড চরিত্র থেকে বিদায় নেন। ২০০৬ সালের 'ক্যাসিনো রয়্যাল' থেকে শুরু করে পাঁচটি সিনেমায় ক্রেগ এই চরিত্রে অভিনয় করেছিলেন। প্যাটিনসনের মাধ্যমে ২৫ বছরেরও বেশি সময় পর ক্রেগ ছাড়া অন্য কেউ বন্ড চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর আগে ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পিয়ার্স ব্রসন্যান বন্ড চরিত্রে ছিলেন।
প্যাটিনসন বড় পর্দায় অষ্টম অভিনেতা হিসেবে জেমস বন্ড চরিত্রে অভিনয় করবেন। ১৯৬২ সালে শন কনারির হাত ধরে শুরু হওয়া এই সিরিজের ইতিহাসে রজার মুর এবং শন কনারি প্রত্যেকে সাতটি করে সিনেমা নিয়ে রেকর্ডের শীর্ষে রয়েছেন। এছাড়া জর্জ লেজেনবি, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসন্যান এবং ডেভিড নিভেনের মতো অভিনেতারাও বিভিন্ন সময়ে এই চরিত্রে অভিনয় করেছেন।
এটি সিরিজের ২৬তম চলচ্চিত্র হতে যাচ্ছে এবং ২০২৫ সালে অ্যামাজন এমজিএম স্টুডিওস ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণ নেওয়ার পর এটি প্রথম সিনেমা। দীর্ঘদিনের প্রযোজক মাইকেল জি. উইলসন এবং বারবারা ব্রকলি এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। স্টিভেন নাইট এই সিনেমার চিত্রনাট্য লিখছেন।

