হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধারকৃত প্রায় ৬৪৩ ভরি ওজনের এই ২৪ ক্যারেট স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএন সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার বাসিন্দা মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা মো. শাওন (৩৯)।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় এপিবিএনের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরবর্তী সময়ে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে এগুলোকে স্বর্ণের পেস্ট হিসেবে নিশ্চিত করা হয়। অভিনব কৌশলে শরীরের সঙ্গে লুকিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো বহন করা হচ্ছিল বলে এপিবিএন জানিয়েছে।
জিজ্ঞাসাবাদে এপিবিএন জানতে পেরেছে, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরব যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জাকিরুল ইসলাম জুয়েল ও শাওনসহ দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় তিনি চোরাচালান করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং তারা একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

