ইউরোপে রাশিয়ার নাশকতা ও অন্তর্ঘাতী তৎপরতা ক্রমাগত বাড়ছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS) এক নতুন প্রতিবেদনে সতর্ক করেছে যে, ক্রমবর্ধমান দক্ষ অপারেটিভদের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার ফলে ইউরোপে এখন বড় ধরনের প্রাণঘাতী হামলার (mass-casualty event) আশঙ্কা তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও তাদের প্রক্সিরা ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন দুর্বল করার লক্ষ্যে ইউরোপের রেলওয়ে, জ্বালানি নেটওয়ার্ক এবং প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্যবস্তু করছে। গত ১২ মাসে রুশ নাশকতার ঘটনা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক ডিভাইসের ব্যবহার দ্বিগুণ হয়েছে। IISS বলছে, ভুল হিসাব-নিকাশের জায়গা কমে আসায় বড় ধরনের প্রাণঘাতী ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে, যা পরবর্তীকালে প্রতিশোধ ও উত্তেজনার পথ প্রশস্ত করতে পারে।
যদিও অধিকাংশ অভিযান এখনো অদক্ষ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে, তবে বর্তমানে আধা-দক্ষ অপারেটিভরা আরও জটিল পদ্ধতি ব্যবহার করছে। এর মধ্যে সময় নিয়ন্ত্রিত ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইসের ব্যবহার উল্লেখযোগ্য। ইউরোপজুড়ে জাতীয় কর্তৃপক্ষ প্রক্সিদের গ্রেপ্তার, গোয়েন্দা কর্মকর্তাদের বহিষ্কার এবং কিছু ক্ষেত্রে রুশ কনস্যুলেট বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে। তবে IISS-এর মতে, এই পদক্ষেপগুলো ক্রেমলিনের নাশকতামূলক নীতিকে নিরুৎসাহিত করতে পেরেছে এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই। গ্রেপ্তার অভিযানের মাধ্যমে প্রক্সিদের সরিয়ে ফেলা সম্ভব হলেও যারা তাদের পরিচালনা করছে, সেই রুশ গোয়েন্দা সংস্থাগুলোকে দমানো অত্যন্ত কঠিন।
জার্মানি ও পোল্যান্ড সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হওয়া রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ তাদের পরিবহন ও শিল্প নেটওয়ার্ক ইউক্রেনকে সহায়তা সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১২ মাসে ঘটা নাশকতামূলক ঘটনার অর্ধেকেরও বেশি ঘটেছে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে। এর মধ্যে পোল্যান্ডে অক্টোবর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ সালের মধ্যে ২৯টি মস্কো-সংশ্লিষ্ট ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে নভেম্বরের একটি ঘটনায় ইউক্রেনগামী রেললাইনে বিস্ফোরক চার্জ বসিয়ে ক্ষতি করা হয়। এছাড়া ৪ আগস্ট জার্মানির লিপজিগে একটি ইউক্রেনীয় আন্তোনভ কার্গো বিমানের কাছে বিস্ফোরকভর্তি ড্রোন পাওয়া যায়। তদন্তকারীরা সন্দেহ করছেন যে, আকাশপথ বন্ধ হওয়ার পরপরই আরেকটি ড্রোন ডিএইচএল (DHL) কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
ইউরোপের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো—নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে নেওয়া বিচ্ছিন্ন জাতীয় সিদ্ধান্তগুলোকে একটি সমন্বিত ইউরোপীয় কৌশলে রূপান্তর করা, যাতে বড় কোনো প্রাণঘাতী হামলা এড়ানো যায়। এ ধরনের কোনো অপারেশন গুরুতর বিপর্যয় ঘটালে তা কঠোর প্রতিশোধের দাবি তুলবে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে বিভাজন স্পষ্ট করে তুলতে পারে। এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় সাম্প্রতিক হামলার পরও কোনো দেশই এখনো এ বিষয়ে সুনির্দিষ্ট 'রেড লাইন' নির্ধারণ করেনি। IISS পরামর্শ দিয়েছে, ইউরোপের উচিত জনসমক্ষে সংকেত দেওয়া যে, কী পরিমাণ ক্ষতির বিপরীতে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হবে। অন্যদিকে, ইউরোপজুড়ে ড্রোন, সাইবার, অগ্নিসংযোগ ও বিস্ফোরক হামলার মাধ্যমে ইউক্রেন সহায়তা ব্যাহত করার সব অভিযোগই মস্কো সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।

