রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসটিতে গুলি ছুড়েছে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ওই অফিসে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি অফিসের একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে অবস্থিত স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়েও একই ধরনের গুলির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দুর্বৃত্তরা অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছিল।

