রাজধানীর পল্লবীতে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটিয়াদের মধ্যে বিরোধের জেরে আনোয়ার (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একটি বুটিক প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। শনিবার রাত ৮টার দিকে মিরপুরের ৬ নম্বর সেকশনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আনোয়ারের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
হাসপাতালে আনোয়ারকে নিয়ে আসা প্রিয় নামের এক তরুণ জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনের একটি ভাড়া বাসায় বাথরুম ব্যবহার নিয়ে দুই ভাড়াটিয়া নারীর মধ্যে ঝগড়া হয়। এই ঘটনার জের ধরেই শনিবার রাত ৮টার দিকে অন্তঃসত্ত্বা আরজু বেগমের স্বামী আনোয়ারের সঙ্গে বিরোধ বাধে।
একপর্যায়ে ওই ভাড়াটিয়া নারী ও তার ছেলে আরিফসহ কয়েকজন মিলে আনোয়ারকে মারধর করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় আনোয়ারকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

