ইন্টার মিলান তাদের দল পুনর্গঠনের অংশ হিসেবে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে, যারা কোচ ক্রিস্টিয়ান চিভুর ভবিষ্যৎ পরিকল্পনায় নেই। এই উদ্যোগের অংশ হিসেবে লুইস এনরিকেকে রোমার কাছে বিক্রি করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে ইন্টার। এই চুক্তির মোট মূল্য ৩০ মিলিয়ন ইউরো। বর্তমানে ব্রাজিলিয়ান এই উইঙ্গারের পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছে ক্লাবটি, যাতে তিনি রোমার সাথে ব্যক্তিগত শর্তাবলি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেন। ২৪ বছর বয়সী এই খেলোয়াড় গত বছর অলিম্পিক মার্শেই থেকে ২২.৮ মিলিয়ন ইউরো ও বোনাসের বিনিময়ে ইতালিতে এসেছিলেন এবং এখন পর্যন্ত ৪৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিয়েছেন, যেখানে তিনি একটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন।
একই সময়ে, ইন্টার মিলান দাভিদে ফ্রাত্তেসিকে লাজিওতে পাঠানোর জন্য উন্নত আলোচনা চালিয়ে যাচ্ছে। স্কাই স্পোর্ট ইতালিয়া ও স্পোর্ট মিডিয়া সেটের প্রতিবেদন অনুযায়ী, এটি একটি লোণ চুক্তি হতে যাচ্ছে, যার সাথে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে স্থায়ীভাবে কেনার বাধ্যবাধকতা থাকবে। খেলোয়াড়ের উপস্থিতি ও দলের ফলাফলের ওপর ভিত্তি করেই মূলত এই শর্তগুলো নির্ধারণ করা হবে।
খেলোয়াড়দের এই দলবদলের মাধ্যমে যে অর্থ অর্জিত হবে, তা ইন্টার মিলান লিভারপুল থেকে কার্টিস জোন্সকে ৪০ মিলিয়ন ইউরো এবং টটেনহ্যাম হটস্পার থেকে দিজেদ স্পেন্সকে ৩০ মিলিয়ন ইউরো ও বোনাসের বিনিময়ে দলে টানার কাজে ব্যবহার করবে। উভয় ক্ষেত্রেই তারা লোণ চুক্তির মাধ্যমে খেলোয়াড়দের দলে নেওয়ার পরিকল্পনা করছে, যা মৌসুমের নির্দিষ্ট শর্ত পূরণ হলে স্থায়ী চুক্তিতে রূপ নেবে।

