আইওয়া অঙ্গরাজ্যে আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একটি দল পাঠানো হচ্ছে। এই প্রচারণায় অংশ নিতে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার, স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক কেলি লোফলার, ভেটেরানস অ্যাফেয়ার্স সেক্রেটারি ডগ কলিন্স এবং ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাট হুইটেকার। তবে আইওয়াতে তাদের প্রচারণার সুনির্দিষ্ট সময়সূচি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া 'আইওয়া স্টেট ফেয়ার' চলবে ২৩ আগস্ট পর্যন্ত। নির্বাচনী প্রচারণার মাঠে থাকা প্রার্থীদের জন্য এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়।
বর্তমানে আইওয়াতে বেশ কয়েকজন রিপাবলিকান প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন। এদের মধ্যে আইওয়ার ১ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টিনা বোহানানের বিরুদ্ধে লড়ছেন রিপাবলিকান প্রতিনিধি মারিয়ানেট মিলার-মিক্স। এছাড়া ৩য় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট প্রার্থী সারাহ ট্রোন গ্যারিয়টের মুখোমুখি হয়েছেন রিপাবলিকান প্রতিনিধি জ্যাক নান। অন্যদিকে, মার্কিন সিনেট আসনের জন্য ডেমোক্র্যাট প্রার্থী জশ টুরেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান প্রতিনিধি অ্যাশলে হিনসন।
এরই মধ্যে গত বুধবার হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস আইওয়া সফর করেছেন। তার সাথে ছিলেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান জো গ্রুটার্স, মিসৌরির রিপাবলিকান প্রতিনিধি জেসন স্মিথ, মিনেসোটার পিট স্টবার এবং উইসকনসিনের গ্লেন গ্রোথম্যান।

