হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণ কাজ পুনরায় শুরু করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার, ১৪ আগস্ট, দাখিলকৃত এই জরুরি আপিলে প্রশাসন যুক্তি দেয় যে, প্রকল্পটির জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই বলে নিম্ন আদালত যে সিদ্ধান্ত দিয়েছে, তা ভুল ছিল।
প্রশাসন আদালতকে অনুরোধ জানিয়েছে, নির্মাণ কাজ চলাকালীন এই আইনি লড়াইয়ের সময় যেন প্রকল্পের ওপরের অংশের নির্মাণ স্থগিত রাখার আদেশটি বাতিল করা হয়। গত বছরের অক্টোবরে ট্রাম্প ইষ্ট উইং ভেঙে ৯০ হাজার বর্গফুটের এই বলরুম তৈরির কাজ শুরু করেন, যা সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে অর্থায়ন করা হচ্ছে।
চলতি মাসে একটি ফেডারেল আপিল আদালত ২-১ ব্যবধানে নিম্ন আদালতের স্থগিতাদেশ বহাল রাখে, তবে প্রশাসনকে আপিল করার সুযোগ দিতে তাৎক্ষণিক কার্যকর হওয়া থেকে বিরত থাকে। আপিল আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা জানিয়েছেন, হোয়াইট হাউসের নিরাপত্তা ও ঐতিহাসিক স্থাপত্যের গুরুত্ব রক্ষা করা কংগ্রেসের দায়িত্ব। অন্যদিকে, ট্রাম্পের নিয়োগকৃত সার্কিট বিচারক নিওমি রাও এই রায়ের দ্বিমত পোষণ করে বলেন, ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অনধিকার চর্চা করেছেন।
ট্রাম্প প্রশাসনের দাবি, বলরুম নির্মাণ কাজ বন্ধ রাখা হলে হোয়াইট হাউস উন্মুক্ত ও অরক্ষিত হয়ে পড়বে, যা প্রেসিডেন্ট, তার পরিবার এবং কর্মীদের জন্য বড় ধরণের জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, এই প্রকল্পটি হোয়াইট হাউসকে সরকারি কর্মকর্তাদের সমাবেশের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে নিশ্চিত করতে অত্যন্ত জরুরি।
বিচার বিভাগ জানিয়েছে, প্রকল্পটি বর্তমানে ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং নকশা পরিবর্তনের সুযোগ এখন আর নেই। আদালতের বর্তমান আদেশ অনুযায়ী, বাঙ্কার, বোমারোধী আশ্রয়স্থল এবং সামরিক ও চিকিৎসা অবকাঠামোর মতো ভূগর্ভস্থ কাজগুলো চালিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। তবে আপিল আদালত স্পষ্ট করেছে যে, জাতীয় নিরাপত্তার অজুহাত দেখালেই আইন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
ট্রাম্প, যার কর্মজীবন রিয়েল এস্টেট খাতে, হোয়াইট হাউসের রোজ গার্ডেন পরিবর্তনসহ ওভাল অফিসেও বেশ কিছু সংস্কার করেছেন। ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন এই প্রকল্পের আকার নিয়ে সমালোচনা করে আসছে। প্রশাসন আশা করছে, যদি কাজ অব্যাহত থাকে তবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই নির্মাণ কাজ শেষ হবে।
