ইংলিশ ক্লাব হাল সিটিতে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের ২১ বছর বয়সী ফরাসি উইঙ্গার জঁ-মাত্তেও বাহোয়া। জার্মান ক্লাবটি তার জন্য হাল সিটির দেওয়া প্রস্তাব গ্রহণ করলেও শেষ মুহূর্তে এই দলবদল বাতিল করে দেন তিনি। এর ফলে তাকে দলে ভেড়ানোর দৌড়ে এসি মিলান ও রোমার মতো ইউরোপীয় পরাশক্তিদের আশা আরও জোরালো হলো।
দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এবং স্কাই স্পোর্টস ইউকেসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল টেস্ট করানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল বাহোয়ার। এমনকি তাকে ব্যাগ গুছিয়ে ফ্লাইটের জন্য প্রস্তুত হতেও বলা হয়েছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে ফরাসি এই উইঙ্গার নিজেই এই চুক্তিটি নাকচ করে দেন।
২১ বছর বয়সী এই গতিময় ও বহুমুখী ফুটবলার মূলত নিজের ক্যারিয়ারের পরবর্তী ধাপ হিসেবে আরও মর্যাদাপূর্ণ কোনো ক্লাবে যোগ দিতে চান। ফরাসি সংবাদমাধ্যম ফুটমারকাতো জানিয়েছে, কয়েক দিন আগেই এসি মিলানের প্রতিনিধিদের সঙ্গে বাহোয়ার এজেন্টের যোগাযোগ হয়েছে।
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা ইতালিয়ান ক্লাব রোমাও এই উইঙ্গারের জন্য একটি সম্ভাব্য গন্তব্য হতে পারে। রোমা বর্তমানে তাদের উইং পজিশন শক্তিশালী করতে নতুন খেলোয়াড় খুঁজছে। ফলে দলবদলের বাজারে বাহোয়া এখনও উন্মুক্ত থাকায় তাকে দলে টানার লড়াইয়ে সিরি আ-র এই দুই ক্লাব বেশ ভালো অবস্থানে রয়েছে।

