লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে জাফনা কিংসের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশগ্রহণের জন্য জাফনা কিংসকে দেওয়া ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট এবং ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ (আইপিজি) যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। ফ্র্যাঞ্চাইজি চুক্তির শর্ত অনুযায়ী আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ার কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

চুক্তি বাতিলের ফলে জাফনা কিংসের সমস্ত স্বত্ব পুনরায় আইপিজির কাছে ফিরে গেছে। এখন শ্রীলঙ্কা ক্রিকেট এবং আইপিজি যৌথভাবে দলটির পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। এই পরিস্থিতির মধ্যেও টুর্নামেন্টের ফরম্যাট, ম্যাচের সময়সূচি বা খেলোয়াড়দের স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি।

আইপিজির সিইও অনিল মোহন জানান, এটি একটি কঠিন সিদ্ধান্ত হলেও লঙ্কা প্রিমিয়ার লিগের মর্যাদা রক্ষা করা এবং খেলোয়াড়, কোচ, অংশীদার ও সমর্থকদের জন্য স্থিতিশীল পরিবেশ বজায় রাখা তাদের প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে মিলে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন যাতে জাফনা কিংস কোনো বিঘ্ন ছাড়াই টুর্নামেন্টে অংশ নিতে পারে। খেলোয়াড়দের চুক্তি, স্টাফদের প্রতিশ্রুতি এবং দলের লজিস্টিকসহ যাবতীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেছেন। এলপিএলের ষষ্ঠ আসর পরিকল্পনা অনুযায়ী চলবে এবং টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, টুর্নামেন্ট চলাকালীন এই চুক্তি বাতিলের ঘটনাটি ঘটল। এর আগে দলের একজন মালিক গ্রেপ্তার হন এবং অন্য একজন নিখোঁজ হয়ে যান। ভানুকা রাজাপাকসের নেতৃত্বাধীন জাফনা কিংস চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। ১৭ জুলাই শুরু হওয়া এলপিএল শেষ হবে ৮ আগস্ট।