বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ জুলাই) এই ঘটনাটি ঘটে। প্রথম শ্রেণির এক শিক্ষার্থী টিফিন খাওয়ার আগে রুটিটি ছিঁড়তে গেলে এর ভেতরে ব্লেডটি দেখতে পায়। সৌভাগ্যবশত শিক্ষার্থীটি রুটি খাওয়ার আগেই ব্লেডটি শনাক্ত করতে পারায় কোনো ধরনের শারীরিক দুর্ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার জানান, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। তারা কোমলমতি শিশুদের জন্য সরবরাহ করা খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
টিফিন সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

