তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন। মেলোনি ইতালির ইতিহাসে দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করায় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এরদোয়ান এই অভিনন্দন জানান।
এরদোয়ান তার বার্তায় বলেন, জর্জিয়া মেলোনি ইতালির দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে যে উপাধি অর্জন করেছেন, তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তুরস্ক ও ইতালির মধ্যে পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরদোয়ান আরও যোগ করেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মেলোনির সাথে তুরস্ক ও ইতালির মধ্যকার সহযোগিতা ও সংহতি দিন দিন বৃদ্ধি পাবে।
ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ-এর তথ্য অনুযায়ী, শুক্রবার জর্জিয়া মেলোনি ইতালীয় প্রজাতন্ত্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের প্রধান হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। ২০২২ সালের ২২ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ১৪১৩ দিন ক্ষমতায় রয়েছেন, যা সিলভিও বারলুসকোনির দ্বিতীয় সরকারের ১৪১২ দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
যুদ্ধ পরবর্তী ইতালির ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হওয়ার এই মাইলফলক স্পর্শ করার পর মেলোনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বিষয়টিকে কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের উৎস হিসেবে বর্ণনা করেছেন। মেলোনি বলেন, আমি এই মাইলফলকটিকে কৃতজ্ঞতা ও গভীর দায়িত্ববোধের সাথে গ্রহণ করছি। কারণ স্থিতিশীলতা কোনো প্রদর্শনের বিষয় নয়, বরং এটি এমন একটি শর্ত যা একটি জাতিকে পরিকল্পনা গ্রহণ, সিদ্ধান্ত নেওয়া, প্রতিশ্রুতি রক্ষা করা এবং সম্মান অর্জনের সুযোগ করে দেয়।

