আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই মাস বাংলাদেশের ইতিহাসের একটি মহান অধ্যায় এবং এই মাসেই ফ্যাসিবাদের আরেক দোসর হিসেবে পরিচিত সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চপ্পুর পতন ঘটেছে। তিনি মন্তব্য করেন, আজ বঙ্গভবন খালি হয়েছে এবং ২৪ জুলাইয়ের এই সময়ে ৩৬শে জুলাই এখনও শেষ হয়নি, কারণ জুলাই বিপ্লব চলমান রয়েছে। মাহমুদুর রহমান আরও বলেন, এই জুলাই মাসেই ফ্যাসিবাদের প্রভুর বিরুদ্ধে ভারতে আন্দোলন চলছে, তাই এই মাসটিকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়।
বিপ্লব শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও দুই বছর পূর্ণ হয়নি, আগামী ৫ আগস্ট দুই বছর হবে। তিনি বলেন, আমাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে, তবে সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার সময় এখনও শেষ হয়ে যায়নি। জুলাই বিপ্লব নিয়ে নিয়মিত চর্চা করলে আমাদের স্বাধীনতা আরও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মুফাচ্ছির আহমদ ফয়েজীর চিত্রকলা প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাহমুদুর রহমান বলেন, শিল্পী তার শিল্পকর্মে ১৭৫৭ সাল থেকে জুলাই বিপ্লব পর্যন্ত বাংলাদেশের ইতিহাস তুলে ধরেছেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের তরুণরা ফ্যাসিবাদের অস্ত্রের বিরুদ্ধে কালি-কলম দিয়ে লড়াই করেছেন এবং তাদের স্লোগানগুলো আন্দোলনের শক্তিতে পরিণত হয়েছিল। যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি তিনি স্যালুট জানান। তিনি অভিযোগ করেন, বর্তমানে একটি মহল জুলাই বিপ্লবকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে, যারা মূলত ফ্যাসিবাদের দোসর এবং ভারতীয় সাম্রাজ্যবাদের এজেন্ট।
আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে মাহমুদুর রহমান ইস্তাম্বুলে নির্বাসিত থাকা অবস্থায় দেখা একটি সাত বছর বয়সী শিশুর কথা উল্লেখ করেন, যে আবু সাঈদকে ভাই বলে কান্নায় ভেঙে পড়েছিল। এছাড়া ১৬ বছর ৯ মাস বয়সী শহীদ আনাস এবং ইয়ামীন ও নাফিসের মর্মান্তিক মৃত্যুর কথা স্মরণ করে তিনি বলেন, মৃত্যুপথযাত্রী নাফিসকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের পরিচয় জানা প্রয়োজন। তিনি বলেন, শহীদরা নতুন করে স্বাধীন দেশের স্বপ্ন দেখিয়ে গেছেন, তাই তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা জাতির দায়িত্ব।
ক্যালিগ্রাফি প্রদর্শনীর প্রশংসা করে তিনি বলেন, সুলতানি আমলে শামসুদ্দীন ইলিয়াস শাহ প্রথম নিজেকে বাংলার সুলতান হিসেবে পরিচয় দেন এবং বাংলা রাজনৈতিক সত্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, আমাদের পরিচয় শুধু বাঙালি বা মুসলমান নয়, বরং 'বাঙালি মুসলমান'। আরবদের বাইরে এটিই বিশ্বের বৃহত্তম জাতিগত মুসলিম জনগোষ্ঠী। তিনি মনে করেন, কলকাতাকেন্দ্রিক তথাকথিত 'বাঙালি রেনেসাঁ' থেকে মুসলমানরা বঞ্চিত ছিল, তাই এখন প্রয়োজন 'বাঙালি মুসলমানের রেনেসাঁ'। জুলাই বিপ্লব সেই নতুন রেনেসাঁর প্রস্তুতি তৈরি করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

