রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তির জামাই বাজার মাটির রাস্তা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম (১০০ পুরিয়া) হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি দল মঙ্গলবার (৩ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে কড়াইল বস্তির এক কুখ্যাত মাদক কারবারি মো. রাকিব হোসেনের (২৫) ভাড়া নেওয়া তিন কক্ষের একটি বাসায় এ তল্লাশি চালানো হয়।
অভিযানে আটক হওয়া দুজন হলেন মো. সজিব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল পৌঁছানোর পরপরই বাসার মূল ভাড়াটে ও প্রধান অভিযুক্ত মো. রাকিব হোসেন কৌশলে পালিয়ে যান।
কর্মকর্তারা জানান, পলাতক আসামি রাকিব হোসেন দীর্ঘ দিন ধরে কড়াইল বস্তি এলাকার বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণ করে গাঁজা, ইয়াবা ও হেরোইন কেনাবেচা করে আসছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামি এবং পলাতক রাকিব হোসেনকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

