উত্তর সার্বিয়ার স্টাজিসেভো এলাকার কাছে টিগানজিকা ইথনো-ভিলেজ রিসোর্টে এক অনন্য অভিজ্ঞতা অপেক্ষা করছে পর্যটকদের জন্য। এখানে ক্যাফের টেবিলে অতিথিদের সাথে ঘুরে বেড়ায় ছয়টি আলপাকা। দক্ষিণ আমেরিকার এই প্রাণীগুলো বিভিন্ন আকার ও রঙের হয়ে থাকে এবং অতিথিদের সাথে মিশতে বেশ পছন্দ করে।
মাত্র এক সপ্তাহ আগে চালু হওয়া এই আলপাকা ক্যাফে ইউরোপের প্রেক্ষাপটে বেশ বিরল। রিসোর্টের মালিক জোরান ওসটোজিন জানান, স্লোভাকিয়ার একটি আলপাকা ক্যাফেতে গিয়ে তিনি এই আইডিয়া পান। তিনি বলেন, তার স্ত্রী ও তিনি সেখানে গিয়ে মুগ্ধ হয়েছিলেন এবং চেয়েছিলেন নিজ দেশের মানুষও যেন আলপাকার সান্নিধ্য ও তাদের শক্তির অনুভূতি পায়।
এখানে আসা পর্যটকরা সাধারণত দলবদ্ধভাবে আলপাকাদের দেখতে ও তাদের সাথে সময় কাটাতে আসেন। ক্যাফেতে কিছু নিয়মাবলি লিখে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, অতিথিদের আলপাকার পেছন দিক থেকে কাছে যাওয়া নিষেধ এবং বাইরে থেকে কোনো খাবার আনা বারণ। পরিবর্তে, অতিথিদের গাজর, লেটুস ও আপেল ভর্তি ছোট বালতি দেওয়া হয়। এই অভিজ্ঞতার জন্য জনপ্রতি প্রায় ১০ ইউরো বা ১১.৩৫ ডলার খরচ করতে হয়, যার মধ্যে পানীয় ও আলপাকার খাবারের বালতি অন্তর্ভুক্ত রয়েছে।
রিসোর্টের কর্মী সিমোনা ফ্রাঙ্গি জানিয়েছেন, প্রতিটি আলপাকার স্বভাব আলাদা। যেমন, লুবিকা নামের কালো আলপাকাটি বেশ খিটখিটে মেজাজের, আবার আকারে সবচেয়ে ছোট হলেও স্নেজানা দলের নেতৃত্ব দেয়।
জোরান ওসটোজিন জানান, তার এই রিসোর্টে একটি ছোট চিড়িয়াখানাও রয়েছে। ছোটবেলা থেকেই তিনি ও তার ভাই আহত প্রাণীদের সেবা করতেন, সেখান থেকেই এই উদ্যোগের শুরু। বেলগ্রেড চিড়িয়াখানা থেকে আট বছর আগে প্রথম আলপাকা উপহার হিসেবে পান তিনি। ওসটোজিন বলেন, এই প্রাণীদের থেকে পাওয়া শক্তি ও আবেগ যেন এক ধরনের নিরাময় ক্ষমতার মতো।

