ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী দিনে ১১ জাতির এই জোটের নেতারা ২০২১ সালের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা এবং বেসামরিক নাগরিকদের ওপর ক্রমাগত হামলার কারণে মিয়ানমারের সামরিক সরকারের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে জোটের বার্ষিক শীর্ষ বৈঠকগুলোতে দেশটির শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণের ওপর জারি করা নিষেধাজ্ঞা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শান্তি পরিকল্পনায় দৃশ্যমান ও অর্থপূর্ণ অগ্রগতি না হওয়া পর্যন্ত আসিয়ানের শীর্ষ সম্মেলন এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের শীর্ষ নেতা ও পররাষ্ট্রমন্ত্রী অংশ নিতে পারবেন না। চলতি ম্যানিলা সম্মেলনসহ জোটের প্রশাসনিক বৈঠকে মিয়ানমার কেবল নিম্নস্তরের পেশাদার কূটনীতিক পাঠাতে পারবে। অভ্যন্তরীণ সংঘাত চরম আকার ধারণ করায় এ বছর আসিয়ানের আবর্তনশীল সভাপতির দায়িত্ব এবং আঞ্চলিক বিভিন্ন সভা আয়োজনের সুযোগ হারিয়েছে মিয়ানমার; যার ফলে এই দায়িত্ব এখন পালন করছে ফিলিপাইন।
২০২১ সালের এপ্রিলে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর পরিস্থিতি সামাল দিতে আসিয়ান এই পাঁচ দফা শান্তি প্রস্তাব দিয়েছিল। সেনা অভ্যুত্থানের পর দেশজুড়ে শুরু হওয়া গণতন্ত্রকামী বিক্ষোভগুলো কঠোরভাবে দমন করা হলে তা সশস্ত্র প্রতিরোধ ও বিস্তৃত গৃহযুদ্ধে রূপ নেয়। শান্তি প্রস্তাব বাস্তবায়নে ধীরগতি নিয়ে আসিয়ান নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে সামরিক বাহিনী, নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে অবিলম্বে সংঘাত কমানো, বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ করা এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির জোর আহ্বান জানিয়েছেন।
মিয়ানমারে সংঘাতের মারাত্মক রূপ নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক স্তরেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত মাসে জাতিসংঘের এক মানবাধিকার গবেষক জানান, দেশটির সামরিক সমর্থিত সরকার সাধারণ মানুষকে তটস্থ রাখতে এবং বশ্যতা স্বীকারে বাধ্য করতে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে আসিয়ানের বর্তমান বিশেষ দূত এবং ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো জানান, মিয়ানমারে এখনও বিভিন্ন স্থানে বোমা হামলা ও মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিয়ানমার কী ধরনের পদক্ষেপ নেবে, তা পর্যায়ক্রমে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নির্দেশিকা দেওয়া হচ্ছে।
তিন দিনব্যাপী এই আসিয়ান শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য বিশ্বনেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের দেখা শীর্ষ সম্মেলন পরবর্তী খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং অন্যান্য আঞ্চলিক সংঘাত নিরসনের বিষয়টি বিশ্বনেতাদের আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে থাকবে।

