ইরান ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই নিরাপত্তা নির্দেশনার কথা জানানো হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জারি করা ওই বিশেষ সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের চলাফেরা ও অবস্থানের ক্ষেত্রে 'সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের' জোর আহ্বান জানানো হয়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও হুথিদের মাধ্যমে যে কোনো সময় হামলার ঝুঁকি রয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে দুটি পৃথক হামলা চালায় ইরান। ওই ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাশঙ্কার জের ধরেই বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে এই নতুন সতর্কতা জারি করল সেখানে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস।

