ব্রিটেনের প্রিন্স হ্যারি ইউক্রেনে এক আকস্মিক সফর শেষে আহত সেনাদের সমাজের 'রোল মডেল' হিসেবে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, কিয়েভের উচিত এই যোদ্ধাদের প্রতি নিরবচ্ছিন্ন সহায়তা অব্যাহত রাখা। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এটি ছিল হ্যারির চতুর্থ সফর এবং লভিভ শহরে দ্বিতীয়বারের মতো আসা। সেখানে তিনি সুপারহিউম্যানস সেন্টারে চিকিৎসাধীন সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইনভিক্টাস গেমসের মহড়া চলাকালীন হ্যারি বলেন, তারা ইউনিফর্ম পরার আগেই আমরা তাদের পাশে ছিলাম, আর ইউনিফর্ম খুলে ফেলার পরেও আমাদের তাদের পাশে থাকতে হবে। প্রিন্স হ্যারি নিজে একজন ব্রিটিশ সেনা হিসেবে আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউক্রেনের লভিভে হুইলচেয়ার রাগবি এবং কৃত্রিম অঙ্গ নিয়ে খেলা পিকলবল খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা প্রত্যক্ষ করেন। আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠেয় ইনভিক্টাস গেমসে ইউক্রেনকে প্রতিনিধিত্ব করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
এক পর্যায়ে হ্যারি নিজেও একটি ম্যাচে অংশ নেন। ওডেসা থেকে আসা ৪৯ বছর বয়সী এক অভিজ্ঞ সেনা, যার একটি পা কাটা, তিনি জানান যে প্রিন্স হ্যারি সাধারণ মানুষের সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলেন এবং তাকে রাজকীয় কোনো ব্যক্তি মনে হয় না। হ্যারি ইউক্রেনীয়দের অদম্য মানসিকতার প্রশংসা করেন এবং যুদ্ধের দ্রুত অবসানের আশা প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের বাকি দেশগুলো আপনাদের সমর্থন দিয়ে যাবে এবং আমার মতে আপনারা ইতিমধ্যে জয়ী হয়েছেন।
সফরকালে হ্যারি কনস্টানটিন ভ্লাসেঙ্কোর সঙ্গে দেখা করেন, যিনি খারকিভ অঞ্চলের সিনকিভকা গ্রামের সম্মুখভাগ থেকে ড্রোনযোগে উদ্ধার হওয়া প্রথম ইউক্রেনীয় সেনা। ভ্লাসেঙ্কো গত ফেব্রুয়ারিতে যুদ্ধে গুরুতর আহত হন এবং তার দুই পা কেটে ফেলতে হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানায়, ভ্লাসেঙ্কো নিজে তার একটি পা অস্ত্রোপচার করেছিলেন। তিনি ২৩২ দিন রুশ বাহিনীর হাত থেকে লুকিয়ে থেকে সহযোদ্ধাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিলেন। হ্যারি তাকে উদ্দেশ্য করে বলেন, আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও প্রশংসা রয়েছে।

