জেপি মরগ্যান চেজের অভ্যন্তরীণ হার্ডওয়্যার সিস্টেমে একটি সফটওয়্যার ত্রুটির ফলে গত সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে বেশ কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন ব্যাহত হয়েছে। এই কারিগরি জটিলতার কারণে ওয়েলস ফার্গো এবং ব্যাংক অফ আমেরিকাসহ বিভিন্ন ব্যাংকের হাজার হাজার গ্রাহক অনলাইন ব্যাংকিং সেবা গ্রহণ ও অর্থ পরিশোধের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হয়েছেন। এছাড়াও কিছু ব্যবহারকারী ‘জেলে’ পেমেন্ট ব্যবস্থায় বিলম্বের অভিযোগ জানিয়েছেন।
জেপি মরগান চেজের মুখপাত্র জো ইভানজেলিস্টি নিশ্চিত করেছেন যে, এটি কোনো সাইবার হামলার ঘটনা নয়, বরং তাদের নিজস্ব হার্ডওয়্যার সিস্টেমে থাকা একটি সফটওয়্যার ত্রুটির কারণেই অন্যান্য ব্যাংকের সঙ্গে লেনদেনে সাময়িক জটিলতা তৈরি হয়েছে। তিনি জানান, এই ত্রুটির ফলে লেনদেন প্রক্রিয়াকরণ ধীর হয়ে গিয়েছিল, যা সামগ্রিক ব্যবস্থার ত্রুটি নয় বরং কেবল চেজের সঙ্গে জড়িত লেনদেনের ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। তবে ব্যাংকটি গ্রাহকদের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ ছিল না—এমন অভিযোগ অস্বীকার করেছে।
বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে সমস্যা সংক্রান্ত অভিযোগের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং দিনের পরবর্তী সময়ে তা হ্রাস পায়। এই বিভ্রাটের ফলে জেপি মরগান চেজ, ব্যাংক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাংক, ট্রুইস্ট এবং ক্যাপিটাল ওয়ানসহ অন্তত পাঁচটি ব্যাংকের গ্রাহকরা প্রভাবিত হয়েছেন। তবে ইউএস ব্যাংক, ক্যাপিটাল ওয়ান এবং ট্রুইস্ট জানিয়েছে যে, তাদের নিজস্ব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছিল।
ব্যক্তি থেকে ব্যক্তির পেমেন্ট ব্যবস্থা ‘জেলে’ (Zelle)-এর ক্ষেত্রেও কিছু গ্রাহক সমস্যার কথা জানিয়েছেন। অ্যারিজোনা-ভিত্তিক কোম্পানি ‘আর্লি ওয়ার্নিং সার্ভিসেস’-এর মালিকানাধীন এই পেমেন্ট ব্যবস্থাটি জানিয়েছে যে, তাদের নেটওয়ার্ক পুরোপুরি সচল রয়েছে। মূলত বিভিন্ন ব্যাংক বা ক্রেডিট ইউনিয়নের নিজস্ব কারিগরি সমস্যার কারণেই গ্রাহকরা জেলে ব্যবহারের সময় লেনদেনে বিলম্বের সম্মুখীন হয়েছেন। জেপি মরগান চেজ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সম্পদের অধিকারী ব্যাংক হিসেবে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন পরিচালনা করে থাকে, যার ফলে তাদের প্রযুক্তিগত সমস্যা অন্য ব্যাংকগুলোর গ্রাহকদের ওপরও প্রভাব ফেলে।

