বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বাটেক্সপো আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপো ২০২৬ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
গোলাম পরওয়ার বাটেক্সপোর এই প্রত্যাবর্তনকে পোশাক শিল্পের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। ১৯৮৯ সালে শুরু হওয়া এই আয়োজন বাংলাদেশের পোশাক রফতানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে এবারের আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোর যে সিদ্ধান্ত বিজিএমইএ নিয়েছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, অতীতে বাটেক্সপোর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ জাতীয় স্বার্থকে দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে রাখার বার্তা দিত। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্য বজায় রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন। তার মতে, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমর্যাদা ও সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে বাটেক্সপো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে রাজনৈতিক বিভাজনের বার্তা এড়িয়ে চলা উচিত।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, পোশাক শিল্প কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের সম্পদ নয়; এটি লাখ লাখ শ্রমিক ও উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টার ফসল। তাই বিজিএমইএকে অরাজনৈতিক ও জাতীয় শিল্প সংগঠন হিসেবে আরও দূরদর্শী ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিজিএমইএ জাতীয় শিল্পের আন্তর্জাতিক আয়োজনগুলোতে বাংলাদেশের ঐক্য ও সক্ষমতার ইতিবাচক বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরবে।

