ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুলগুলোকে পেছনে ফেলেছে মাদ্রাসা। সোমবার সকালে প্রকাশিত এই ফলাফলে দেখা যায়, উপজেলাজুড়ে মোট ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬,৮৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩,৬২২ জন উত্তীর্ণ হয়েছে। এই ফলাফলে সামগ্রিক পাসের হার ৫৫.৮২ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ আবুল খায়েরের দেওয়া তথ্য অনুযায়ী, এসএসসি বা সাধারণ শাখায় ৫৮টি প্রতিষ্ঠানের মোট ৩,৭৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৭৭৬ জন উত্তীর্ণ হয়েছে। এই শাখায় পাসের হার ৪৭.২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। কেন্দ্রভিত্তিক ফলাফলের মধ্যে চরফ্যাশন টিবি কেন্দ্রে পাসের হার ৫৩.০৪ শতাংশ ও ১৭ জন জিপিএ-৫, চরফ্যাশন টাউন কেন্দ্রে ৬৬.৭৫ শতাংশ পাসের হার ও ২১ জন জিপিএ-৫, শশীভূষণ কেন্দ্রে ৩৪.৫৬ শতাংশ পাসের হার ও ১ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া দুলারহাট কেন্দ্রে ৪১.২০ শতাংশ পাসের হার ও ২ জন জিপিএ-৫, চরআইচা কেন্দ্রে ৩৮.১০ শতাংশ পাসের হার এবং চেয়ারম্যান বাজার কেন্দ্রে ৪৬.৭০ শতাংশ পাসের হারসহ ৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। উল্লেখ্য, বরিশাল বোর্ডে এ বছর সামগ্রিক পাসের হার ছিল ৬০.৩৫ শতাংশ।
অন্যদিকে, দাখিল বা মাদ্রাসা শাখায় ৬৭টি প্রতিষ্ঠানের ২,৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৮০৩ জন পাস করেছে। এই শাখায় পাসের হার ৬৮.৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। মাদ্রাসা বোর্ডের গড় পাসের হার যেখানে ৫৫.৪৯ শতাংশ, সেখানে চরফ্যাশনের মাদ্রাসাগুলো বেশ ভালো ফলাফল করেছে। কেন্দ্রভিত্তিক ফলাফলে চরফ্যাশন কারামতিয়া কেন্দ্রে ৬৫.৫০ শতাংশ পাসের হার ও ৩ জন জিপিএ-৫, নুরাবাদ কেন্দ্রে ৭২.৮৮ শতাংশ পাসের হার, শশীভূষণ কেন্দ্রে ৭৭.০২ শতাংশ পাসের হার ও ১ জন জিপিএ-৫, আবু বকরপুর কেন্দ্রে ৭০.০২ শতাংশ পাসের হার ও ২ জন জিপিএ-৫, দক্ষিণ আইচা কেন্দ্রে ৭১.৩৪ শতাংশ পাসের হার এবং চেয়ারম্যান বাজার কেন্দ্রে ৫৫.০৭ শতাংশ পাসের হার অর্জিত হয়েছে।
এছাড়া কারিগরি বা ভোকেশনাল শাখায় চরফ্যাশন টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। এই শাখায় পাসের হার ৩৯.০৯ শতাংশ এবং ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কারিগরি বোর্ডে সামগ্রিক পাসের হার ৫৮.২০ শতাংশ।

